শিক্ষকদের পৃথক বেতন স্কেলের বিষয়টি বিবেচনা করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রদানের বিষয়টি সরকারের বিবেচনায় আছে।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সাক্ষাত্কালে উপাচার্যরা শিক্ষাক্ষেত্রের ও নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সরকার এরই মধ্যে শিক্ষানীতি প্রণয়ন করেছে। সেই শিক্ষানীতি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত শাসনামলে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার বাকি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার কোনো উদ্যোগই নেয়নি। এবার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সরকার বাকি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আরও নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদলের সদস্যদের রমজানের শুভেচ্ছা জানান। সেখানে বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলাম।প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।