শিক্ষকদের বাস ভাঙচুরের চেষ্টা করায় ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেকটি বাস ভাঙচুরের সময় জাহাঙ্গীর নামের এক ছাত্রকে পুলিশ আজ বুধবার সকালে বন্দর নগরের বিবিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। হিসাববিজ্ঞানের ছাত্র আসাদুজ্জামানের হত্যার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ গতকাল মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ শাটল ট্রেন ও শিক্ষকদের পরিবহনকারী বাস চলাচলে বাধা দিচ্ছে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, আজ সকালে শিক্ষকদের ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা একটি বাস বিবিরহাট এলাকা অতিক্রম করছিল। এ সময় জাহাঙ্গীর বাসটিকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।এর আগে গতকাল সকালে নগরের ষোলশহর এলাকায় শিক্ষকদের একটি বাসে আগুন লাগিয়ে দেন কয়েকজন ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গতকাল পাঁচজন ছাত্রকে গ্রেপ্তার করেছে।এদিকে ছাত্রলীগের অবরোধ কর্মসূচির কারণে আজও ক্যাম্পাসে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল কম। কোনো ক্লাস ও পরীক্ষাও হয়নি।প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়। এর আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।এ নিয়ে গত দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র খুন হলেন। গত ১১ ফেব্রুয়ারি রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনে এবং ২৯ মার্চ মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় খুন হন।