শিক্ষকদের ভবনের সামনে বিস্ফোরণ
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক ভবনের সামনে গতকাল বুধবার গভীর রাতে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাস পুড়ে যায়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শিক্ষকদের আবাসিক এলাকার একটি ভবনের সামনে বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় আগুন লেগে ওই ভবনের সামনে থাকা শিক্ষকদের বহনকারী বাসটি পুড়ে যায়। খবর পেয়ে রাত একটার দিকে ঝিনাইদহের শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি একটি পেট্রলবোমা হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন। বোমাটি মোটামুটি শক্তিশালী ছিল বলে জানান তাঁরা।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মেহের আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, ‘এটি সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিচ্ছিন্ন একটি ঘটনা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অভিযোগ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।’