শিক্ষকদের রাজনীতির সঙ্গে জড়িত হওয়া উচিত নয় বলে মত দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। শিক্ষাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত বলেও মনে করেন হাইকোর্ট। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় মহারাষ্ট্র রাজ্যের উমরেদ এলাকার নতুন আদর্শ জুনিয়র কলেজের শিক্ষক শ্রীকান্ত পান্ডেকে গত ২৩ নভেম্বর বরখাস্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে শ্রীকান্তর আবেদনের ওপর শুনানির সময় আদালত ওই মত দেন।হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারক পি বি মজুমদার ও পি বি ভ্যারেলির আদালতে গত বৃহস্পতিবার শ্রীকান্তর আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত বলেন, ‘প্রথমেই আমাদের মত হলো, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না। কারণ, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলে তাঁর মতাদর্শ শিক্ষাদানকে প্রভাবিত করতে পারে।’ আদালত বলেন, শিক্ষাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। শিক্ষাক্ষেত্রে রাজনীতি এনে কোনোভাবে এটাকে কলুষিত করার সুযোগ দেওয়া উচিত নয়। শ্রীকান্তর আবেদন নাকচ করে দিয়ে আদালত বলেন, কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলোকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। শিক্ষাঙ্গন ওই ধরনেরই প্রতিষ্ঠান।মহারাষ্ট্রের বেসরকারি বিদ্যালয় কর্মচারী আইনে বলা আছে, কোনো শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। টাইমস অব ইন্ডিয়া।