শিক্ষকনেতা স্কুলে যান না, ক্লাস নেন ভাড়ায় রাখা এক ছাত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব ইকবাল একদিকে শিক্ষক সমিতির নেতা, আরেক দিকে সরকারদলীয় কর্মী। দলের মিছিল-মিটিং আর শিক্ষা অফিসে নানা তদবিরে দিন কাটে তাঁর। স্কুলে সময় দিতে পারেন না তিনি। তাই ভাড়া করা শিক্ষক রেখে স্কুলে পাঠদান করাচ্ছেন। আলমগীর হোসেন নামের এক ছাত্র তাঁর হয়ে ক্লাস নিচ্ছেন। এ অবস্থা ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় ব্যক্তিরা জানান, মাহবুব ইকবাল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে স্কুলে ক্লাস নেওয়া ছেড়ে দিয়েছেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় মাঝেমধ্যে স্কুলে এসে অফিসে বসে দাপ্তরিক কাজ সেরে চলে যান। এতে স্কুলের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। মাহবুব ইকবাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মহেশপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এ ছাড়া আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য তিনি। তাঁর কর্মস্থল শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা শহর থেকে আনুমানিক সাত কিলোমিটার দূরে। সরেজমিনে গিয়ে শিক্ষক মাহবুব ইকবালকে পাওয়া যায়নি। বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন দুজন শিক্ষক। একজন লাইব্রেরিতে বসে আছেন, আরেকজন চতুর্থ শ্রেণীর ক্লাসে। তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছেন আলমগীর হোসেন নামের এক ছাত্র। আর পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা বারান্দায় ছোটাছুটি করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, আলমগীর হোসেন নামের এসএসসি পাস করা ওই ছেলেকে মাসিক ৭০০ টাকা চুক্তিতে মাহবুব ইকবাল তাঁকে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক তৈয়ব আলী জানান, তাঁদের এই প্রতিষ্ঠানে ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষক আছেন পাঁচজন। এঁদের মধ্যে দুজন পিটিআই প্রশিক্ষণে আছেন। তিনি জানান, শিক্ষকস্বল্পতার কারণে আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। মাহবুব ইকবাল বিদ্যালয়ে আসেন বলে দাবি করে বলেন, নেতা হওয়ার কারণে জরুরি কাজে বাইরেও থাকতে হয়। আলমগীর হোসেন অবশ্য শিকার করেন, মাহবুব স্যার ঠিকমতো আসতে পারেন না, তাই তিনি ক্লাস নিচ্ছেন।বিদ্যালয়ের পাশের বাসিন্দা হায়দার আলী জানান, মাহবুব ইকবালকে ঠিকমতো স্কুলে দেখা যায় না। মাঝেমধ্যে এলেও থাকেন অফিস রুমে। ক্লাস নেন না। তিনি শুনেছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় মাহবুব ইকবাল তাঁর পরিবর্তে আলমগীর হোসেন নামের একজনকে দিয়ে ক্লাস চালাচ্ছেন। একই অভিযোগ করেন শিবানন্দপুর গ্রামের শ্যামল কুমার ঘোষ। তিনি জানান, মাহবুব ইকবালকে দেখাই যায় না। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানায়, মাহবুব স্যার তাদের ক্লাস নেয় না। ক্লাস নেয় আলমগীর স্যার। মাহবুব স্যার সরকারি কাজে ব্যস্ত থাকেন। আরেক ছাত্রী তহুরা খাতুন ওই নামের স্যারকে প্রথম চিনতে পারে না। পরে জানায়, সেই স্যার মাঝেমধ্যে অফিসে আসেন আবার চলে যান। তাদের ক্লাস নেন না। এ ব্যাপারে মাহবুব ইকবাল জানান, তিনি নিয়মিত স্কুলে যান না কথাটি ঠিক নয়। আলমগীর হোসেন সম্পর্কে জানান, তিনি ওই ছেলেকে তাঁর পরিবর্তে রাখেননি। স্কুল পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে রাখা হয়েছে। অবশ্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, কোনো মিটিং নয়, শিক্ষক-সংকটের কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে রেখেছেন।এ ব্যাপারে মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, মাহবুব ইকবাল ঠিকমতো স্কুলে যান না, এমন অভিযোগ তাঁর কাছে আসেনি। আর যাঁকে দিয়ে ক্লাস নিচ্ছেন, শিক্ষকেরা শিক্ষক-সংকটের কারণে তাঁকে নিয়েছেন বলে জানিয়েছেন। অনেক সময় স্কুল পরিচালনা কমিটি স্কুলের স্বার্থে কারও সহযোগিতা নিতে পারেন। তবে কারও পরিবর্তে অন্য একজনকে নেওয়ার সুযোগ নেই।