‘প্রায় ছয় মাস হলো উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছি। শিক্ষক না থাকায় সমাজবিজ্ঞানের একটি ক্লাসও করতে পারিনি। খুবই সমস্যা হচ্ছে। কোনো কোনো পড়া বুঝতে পারছি না। নোট করতে পারছি না। পরীক্ষা কী করে দেব, ভেবে পাচ্ছি না।’ এই উদ্বেগ নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী মারিয়া খাতুনের। তার মতো একই উত্কণ্ঠা প্রকাশ করেছে ওই কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন, ফিন্যান্সের নাছরিন আক্তার প্রমুখ।শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাস থেকে তারা ক্লাস করতে পারছে না। কলেজ কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানিয়েও শিক্ষক পাওয়া যাচ্ছে না। তবে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেছে।নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজ সূত্রে জানা গেছে, কলেজে উচ্চমাধ্যমিক, সম্মান ও স্নাতক শ্রেণীতে মোট এক হাজার ছাত্রী পড়ালেখা করছেন। এখানে ১৬টি বিষয়ে পড়ানো হয়। সব মিলিয়ে ২৮ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৬ জন। শূন্য রয়েছে ১২ জন শিক্ষকের পদ। দর্শন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান ও ফিন্যান্স বিষয়ে কোনো শিক্ষক নেই। এ ছাড়া অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজকল্যাণ, পদার্থ, ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে একজন করে শিক্ষকের সংকট রয়েছে। কলেজের প্রধান করনিক ও হিসাবরক্ষকের গুরুত্বপূর্ণ দুটি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শিক্ষকদের এ পদের দায়িত্ব পালন করতে হয়। প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন বলে, ‘আমরা যারা সচ্ছল পরিবার থেকে এসেছি তারা প্রাইভেট পড়ে শিক্ষক না থাকার অভাব পুষিয়ে নিচ্ছি। কিন্তু যাঁরা দরিদ্র, তাঁদের পক্ষে তো প্রাইভেট পড়া সম্ভব হচ্ছে না। তাঁরা পরীক্ষা নিয়ে চিন্তায় আছেন। আমরা চাই খুব শিগগিরই শিক্ষক নিয়োগ দেওয়া হোক।’কলেজের অধ্যক্ষ আলী আহসান জানান, শিক্ষকসংকটে কলেজ পরিচালনা করা মুশকিল হয়ে পড়েছে। বাধ্য হয়ে মাঝেমধ্যে বেসরকারি কলেজের শিক্ষকদের ধার করে এনে ক্লাস নেওয়া হয়। তাঁদের বেতনভাতা দেওয়ার জন্য সরকারি কোনো তহবিল নেই। ছাত্রীদের কাছ থেকে নেওয়া সেসন ফি থেকে অতিথি শিক্ষকদের বেতন পরিশোধ করতে হয়। তবে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষক চাওয়া হচ্ছে। সারা দেশে শিক্ষকসংকট থাকায় প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না। তবে শিঘ্রই কিছু শিক্ষক দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে।