শিক্ষকসংকটে শাহনেয়ামতুল্লাহ কলেজ
শহরের এক প্রান্তে আমবাগানের ছায়াঘেরা পরিবেশে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় শাহনেয়ামতুল্লাহ কলেজ। কালক্রমে কলেজটি জেলার বেসরকারি কলেজগুলোর মধ্যে বৃহত্তম কলেজ। বর্তমানে এ কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকের পদ শূন্য থাকায় এখানে শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে।কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, প্রায় এক বছর থেকে পদার্থবিদ্যা, রসায়ন, সমাজকর্ম, ব্যবস্থাপনা ও ইসলামিক শিক্ষা বিষয়ে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিষয়ের শিক্ষার্থীরা বিশেষ করে স্নাতক শ্রেণীর পাঠ গ্রহণ করতে পারছে না। এ কলেজের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। প্রাইভেট পড়ার সামর্থ্য না থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে স্নাতক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অধ্যক্ষ জানান, পৌর ও মহানগর এলাকায় নারী কোটা পূরণ না হলে পুরুষ শিক্ষক নিয়োগ করা যাবে না। সরকারি এ বিধির কারণে শিক্ষক নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও নারী শিক্ষকদের আবেদন পাওয়া না যাওয়ায় শিক্ষকের শূন্য পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। কলেজের সমস্যাগুলো সম্পর্কে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এলাকার (সদর আসন) সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘আমি মাত্র ছয় মাস হলো সভাপতি হয়েছি। জেলার বেসরকারি কলেজগুলোর মধ্যে এই কলেজ বৃহত্তম। ছাত্রসংখ্যার দিক দিয়েও কলেজটি সরকারি সাহায্য-সহযোগিতা পাওয়ার অগ্রাধিকার রাখে। আমি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাব।’