শিক্ষকসংকটে সরকারি বরহামগঞ্জ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবর্ষের শুরু থেকেই ইংরেজিসহ বেশ কয়েকটি বিষয়ের শিক্ষক না থাকায় তীব্র সংকটে পড়েছেন মাদারীপুর জেলার শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। ফলে প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থীর শিক্ষাক্রম চরম সংকটে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার ও আমতলা ভবনের কার্নিশ, এমনকি ক্লাসরুমের ভেতরে দলবেঁধে ছাত্রছাত্রীদের আড্ডা চলছে। সকাল ১০টায় একাদশ শ্রেণীতে ইংরেজি ক্লাস হওয়ার কথা থাকলেও দেখা গেল শিক্ষার্থীদের আড্ডা ও কোলাহল। অন্যান্য ক্লাসগুলোয়ও শিক্ষকসংকটের কারণে প্রায় একই দশা।কলেজ সূত্র ও শিক্ষার্থীরা জানান, শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ৫৫৩ জন, দ্বিতীয় বর্ষে ৩৭২ জন এবং ডিগ্রির তিনটি বর্ষে ৫১১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। কলেজের মোট ১৩টি বিষয়ের মধ্যে দুই মাস ধরে ইংরেজি এবং চার বছর ধরে ইসলামিক স্টাডিজে কোনো শিক্ষক নেই। তা ছাড়া অর্থনীতি, যুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে দুটি করে পদ থাকলেও প্রতি বিষয়ে মাত্র একজন করে শিক্ষক আছেন। শিক্ষার্থীর অনুপাতে কলেজটিতে মোট ৫২ জন শিক্ষক প্রয়োজন হলেও শিক্ষকের পদই আছে ২৭ জন। আর পদ থাকলেও এসব বিষয়ে শিক্ষক আছেন মাত্র ১৬ জন।কলেজের অধ্যক্ষ মো. মন্নান হাওলাদার বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে সুযোগসুবিধা বাড়ানোর ফলে কলেজটিতে অত্যন্ত মেধাবীসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছে। বর্তমানে এ কলেজে প্রতিটি বিষয়ের জন্য একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং দুজন করে প্রভাষক প্রয়োজন। শিক্ষকসংকট কাটাতে আমরা কর্তৃপক্ষ বরাবর লিখেও কোনো সুরাহা পাচ্ছি না।’