শিক্ষকের একদিন
প্রভাষক আফরীন আহাদ হলিক্রস কলেজে বাংলা পড়ান। তিনি জানালেন কলেজ শিক্ষকের বৈচিত্র্যময় কাজে ব্যস্ত থাকার দিনলিপিনতুন সূর্য, নতুন দিন: ভোরে আবিরমাখা সূর্য ওঠে নতুন দিনের আগমনী গান গেয়ে। আমার দিনের শুরু হয় তখনই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে কাজে নামি। পারিবারিক দায়দায়িত্ব পালন আর নিজেকে গোছানো শেষ করে কলেজের পথে বের হই। একমাত্র সন্তানকে ওর বিদ্যালয়ে নামিয়ে কলেজে আসি। শিক্ষকদের হাজিরা খাতায় সই করে শিক্ষার্থীদের হাজিরা খাতা নিয়ে শ্রেণীকক্ষে যাই। সকাল আটটা থেকে শুরু হয় পাঠ দেওয়া। পড়ানোটাই কাজ: ছাত্রীদের নাম ডাকা প্রথম কাজ। অনুপস্থিতি শিক্ষার্থীদের সহপাঠীর কাছ থেকে তাদের খোঁজখবর নিই।আমি সাহিত্য পড়াই। পাঠ দেওয়ার পাশাপাশি সমসাময়িক সাহিত্য নিয়েও আলোচনা করতে হয় ক্লাসে। ক্লাসের পড়া ক্লাসেই আদায় করে নিই শিক্ষার্থীদের কাছ থেকে। তবে পড়া না-পারাদের শাস্তি দেওয়া বলতে যা বোঝায় তেমন কিছু করি না আমরা। মৌখিকভাবে সতর্ক করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে তা। তবে তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত বা অপমানিত না হয় সে বিষয়টিকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে থাকি।ক্লাসের ফাঁকে: ক্লাস শেষে শিক্ষকদের নির্দিষ্ট কক্ষে এসে বসি। সেখানেও চারপাশে শিক্ষার্থীরা ঘিরে রাখে। তাদের সঙ্গে সাহিত্য সম্পর্কিত সহপাঠ ও সাহিত্য বিষয় নিয়ে কাজ করি। কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করতে হয়। তা ছাড়া আমাদের যে সাহিত্য পত্রিকা আছে তার বিভিন্ন লেখা দেখে দিই। অনেকের অ্যাসাইনমেন্ট দেখে দিকনির্দেশনা দিতে হয়। এককথায় কলেজে অধিকাংশ সময় শিক্ষার্থীদের নিয়েই ব্যস্ত থাকি। পাঠ দেওয়ার কাজ বাসায়ও: বেলা দুইটার মধ্যে আমার ক্লাস নেওয়া শেষ হয়। বাসায় গিয়ে সাংসারের কাজ করি। এর পরও চিন্তায় ও কাজে শিক্ষকতা থেকে যায়। সারা বছরই কোনো না কোনো পরীক্ষা থাকে। সেসবের উত্তরপত্র দেখতে হয়। প্রায়ই শিক্ষার্থীরা বাসায় আসে। ওদের পরামর্শ দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত যাবতীয় কাজ চলতেই থাকে প্রতিদিন। কাজের খবর প্রতিবেদক