কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান মণ্ডলের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ খবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো ওই সড়ক অবরোধ করে রেখেছেন।আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শেখপাড়া বাজারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান মণ্ডল তাঁর ব্যক্তিগত গাড়িটি বাজারের পাশে রেখে পাশের মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় কে বা কারা তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি গাড়ির পেছনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব আরেফিন প্রথম আলোকে জানান, শিক্ষকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন।