শিক্ষকের ঘুষিতে নাক ফাটল ছাত্রের
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের এক শিক্ষকের ঘুষিতে অশ্বিনী কুমার নামে এক ছাত্রের নাক ফেটে রক্ত বের হয়। আর এই অভিযোগে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন।আজ বুধবার রংপুর জিলা স্কুলমাঠে স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন জাতীয় খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এক শোভাযাত্রার আয়োজন করে। ওই যাত্রায় এ ঘটনা ঘটে।অশ্বিনী কুমারের অভিযোগ, দুপুর ১২টার দিকে শোভাযাত্রায় অংশ তিনি নেন। কিন্তু রোদের কারণে তিনি ছায়ার দিকে যাচ্ছিলেন। এ সময় শিক্ষক ফকরুল ইসলাম রেগে গিয়ে তাঁর নাকে ঘুষি মারেন। এতে তাঁর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। এ ঘটনার পর ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ও প্রতিষ্ঠানের জানালার কয়েকটি কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অভিযুক্ত শিক্ষক ফকরুল ইসলাম শিক্ষার্থীর এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই শিক্ষার্থী মুঠোফোনে কিছু ছবি তুলতে গেলে তাঁকে বারণ করা হয়। কিন্তু বারণ না মেনে ওই শিক্ষার্থী তর্ক করলে তাঁকে শুধু চড় মারা হয়েছে। এর বেশি কিছু না।’কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনা নিয়ে শিক্ষকদের বৈঠকে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।