শিক্ষকের পিটুনিতে দুই ছাত্রী হাসপাতালে
শিক্ষকের পিটুনিতে আহত হয়ে আজ রোববার রাজধানীর রামপুরার উলনের খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছে। আহত ছাত্রীরা জানিয়েছে, ইংরেজি দ্বিতীয়পত্রের ক্লাসে পড়া না পারায় শিক্ষক সেলিম মজুমদার ক্লাসের সব শিক্ষার্থীদের পিটিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেওয়া ওই দুই ছাত্রী হলো সান্ত্বনা আক্তার (১২) ও ফাতেমা আক্তার (১১)।সান্ত্বনা জানায়, আজ দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্রের ক্লাসে শিক্ষক সেলিম মজুমদার সবার কাছে পড়া জানতে চান। তিনি দেখেন, বেশির ভাগ শিক্ষার্থীই প্রস্তুতি না নিয়ে ক্লাসে এসেছে। এরপর তিনি রেগে সবাইকে বেত দিয়ে মারতে শুরু করেন। এ সময় সান্ত্বনা হাতের আঙুলে ও কোমরে আঘাত পায় এবং ফাতেমা আক্তার বাঁ হাতে আঘাত পায়। এ ঘটনায় মোট ছয়-সাতজন শিক্ষার্থী স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিত্সা নিয়েছে বলে জানিয়েছে সান্ত্বনা ও ফাতেমা।সান্ত্বনার মা রুনু আক্তার বলেন, সান্ত্বনাকে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে চিকিত্সা করানো হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিত্সক তাঁর মেয়েকে ব্যথানাশক ওষুধ দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।আহত ফাতেমার বাবা সাইফুল ইসলাম বলেন, তাঁর মেয়ের ডান হাতে এলবো ব্যাগ (স্লিং) ঝুলিয়ে দিয়েছেন চিকিত্সক। তার হাতে ব্যথা রয়েছে। সে জন্য ব্যথানাশক ইনজেকশনও দেওয়া হয়েছে, হাত নড়াচড়া না করাতে বলেছেন চিকিত্সক।এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ক্লাসের পড়া না পারায় শিক্ষক সেলিম মজুমদার সবাইকে পিটিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কেউই থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে সন্ধ্যায় স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকেরা মিলে সমঝোতার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।