প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর পরামর্শসংক্রান্ত ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার রুহুল আমিনের বিরুদ্ধে কেন যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইজিপি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন নজরে এলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতিবেদনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জীবিত সদস্যদের হত্যার পরামর্শসহ মন্তব্য করা হয়েছে। আর কত হত্যার হুমকি দেওয়া হবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। এ ব্যাপারে আদালতের নির্দেশনা প্রয়োজন। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারিসহ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন আদালত।এ ব্যাপারে পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।