শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগের সত্যতা পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে কমিটি।ওই শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর শহরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের সামনে গণফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়। জেলা গণফোরামের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা ওয়ার্কার্স পার্টির সিরাজুল ইসলাম, সমাজ পরিবর্তন উন্নয়ন ফোরামের আহ্বায়ক এস এম পিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।তবে অভিযোগ ওঠা শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিদ্যালয়ের দিবা শাখার অষ্টম ও দশম শ্রেণীর ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে চিঠি দেন বিদ্যালয়ের দুজন অভিভাবক ও বেশ কয়েকজন ছাত্রী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. এরশাদুল হক অভিযোগ তদন্তের দায়িত্ব দেন সহকারী কমিশনার শাহিনা পারভীনকে। ২ এপ্রিল ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক ও ১০০ জন ছাত্রীর সাক্ষ্য নেন শাহিনা। সবাই ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে সাক্ষ্য দেয়।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. এরশাদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, সহকারী কমিশনার শাহিনা পারভীন গত সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রাথমিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ওই সহকারী শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রীদের ঠিকভাবে পাঠদান না করে ব্যক্তিগত বিষয়ে কথা বলেন এবং ছাত্রীদের নানা অশালীন মন্তব্য করেন। এ কারণে ওই শিক্ষকের ক্লাস করতে ভয় পায় ছাত্রীরা। তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়।প্রধান শিক্ষক খালেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘অনেক ছাত্রীর অভিযোগ পেয়ে আমিও বিষয়টি জেলা প্রশাসনকে জানাই। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে।’