শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। তিনি আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম জাফর আহমেদ খান। তিনি পরিসংখ্যান বিভাগের একজন সহযোগী অধ্যাপক। সংবাদ সম্মেলনে তাঁর দুই সন্তানও তাদের মায়ের ওপর ‘নির্যাতনের’ বর্ণনা দেয়। জাফর আহমেদের স্ত্রী রেবেকা পারভীন বলেন, প্রায় তিন বছর আগে জাফর এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এর পর থেকে তিনি তাঁর ওপর নির্যাতন শুরু করেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলেই তাঁকে মারধর করা হতো। ২২ বছর আগে তাঁদের বিয়ে হয় বলে জানান রেবেকা।রেবেকা পারভীনের দাবি, জাফর আহমেদ কানাডায় পিএইচডি করার সময় তিনি ছয় বছর কাজ করে তাঁকে পড়াশোনায় সহায়তা করেছেন। নিজের আয় দিয়ে তিনি মোহাম্মদপুরে তিন কাঠা জমি কেনেন। স্বামী সেই জায়গাটি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। গত ১৮ মার্চ আত্মীয়স্বজনের উপস্থিতিতে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসলে জাফর আহমেদ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। রেবেকা পারভীন বলেন, ২৯ মার্চ আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি ও ৩০ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকবিরোধী আইনে মামলা করেছেন তিনি।এ বিষয়ে জাফর আহমেদ খানের বক্তব্য জানতে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। আজ কার্যালয়ে গিয়েও তাঁর দেখা মেলেনি।