শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং সেন্টারের শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে তায়েবা (১৩) নামের এক স্কুলছাত্রী। টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার সবুজবাগ এলাকার সাকসেস কোচিং সেন্টারে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত তায়েবাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ রোববার কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।তায়েবার প্রতিবেশীরা জানান, তায়েবা ঘাটাইল এস ই বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে সন্ধ্যাবেলায় সাকসেস কোচিং সেন্টারে পড়ে। পড়া না হওয়ার কারণে গতকাল সেন্টারের পরিচালক আনিসুর রহমান তায়েবার শরীরের বিভিন্ন জায়গায় বেত দিয়ে আঘাত করেন। এতে তায়েবার বাঁ কানসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। খবর পেয়ে মা নাসিমা তায়েবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ঘটনায় সবুজবাগ এলাকার বাসিন্দারা ওই কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়। ঘাটাইল পৌরসভার কাউন্সিলর শামীম সরকার জানান, আনিসুর রহমানকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তায়েবাকে হাতে আঘাত করার কথা স্বীকার করেন।