শিক্ষকের বেধড়ক পিটুনিতে ছাত্রী হাসপাতালে
দেখানোর সময় অঙ্ক খাতা গায়ে লেগেছে। এই অপরাধে শিক্ষক বেত দিয়ে পিটিয়েছেন ছাত্রীকে। আহত স্কুলছাত্রী সাবিহা আক্তারকে (১৫) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হিলড়া আদাবাড়ী মোকছেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাবিহা আক্তারকে (১৫) পিটিয়ে আহত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাবিহার সহপাঠীরা জানায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন গণিত ক্লাস নিতে যান। অঙ্ক করা শেষ হলে সাবিহা শিক্ষক জয়নালকে খাতা দেখায়। কিন্তু অঙ্কের মধ্যে সমীকরণ (অঙ্কের সূত্র) না থাকাতে তিনি সাবিহাকে বেত্রাঘাত করেন। সাবিহা খাতা নিয়ে অঙ্কে সমীকরণ বের করতে থাকে। সমীকরণ শেষে আবার খাতা দেখাতে গেলে খাতাটি শিক্ষকের গায়ে লাগে। এতেই রেগে যান শিক্ষক জয়নাল।শিক্ষক জয়নাল আবেদীন সাবিহার চুল ধরে টেনে বেঞ্চের মধ্যে মাথা চেপে ধরেন। তিনি বেত দিয়ে সাবিহাকে বেধড়ক পেটান। একপর্যায়ে সাবিহা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সেখানেই ফেলে রেখে জয়নাল আবেদীন বাকি শিক্ষার্থীদের খাতা দেখতে থাকেন। তাঁর ভয়ে কোনো শিক্ষার্থী সাবিহার কাছে যায়নি। ক্লাস শেষে সাবিহার সহপাঠীরা টিউবওয়েলের কাছে নিয়ে তার মাথায় পানি দিতে থাকে। এ সময় স্কুলের শিক্ষক লিয়াকত আলী ও সঞ্জিত কুমার তাকে শিক্ষকদের মিলনায়তনে নিয়ে যায়। এদিকে, স্কুল থেকে কেউই সাবিহার পরিবারকে ঘটনাটি জানায়নি। হাসপাতালে পাঠানোর পরিবর্তে স্কুলেই সাবিহাকে বিকেল চারটা পর্যন্ত আটকে রাখা হয়। পরে সাবিহার সহপাঠীদের কাছে খবর জেনে পরিবারের সদস্যরা তাকে স্কুল থেকে নিয়ে গিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে সাবিহার চিকিত্সার ব্যয়ভার বহন করা তার দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সাবিহার খালা ফিরোজা আক্তার (৩৫) বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। সাবিহার বাবা নুরুল ইসলাম বলেন, মেয়ের অপরাধ হলে তাদের কাছে অভিযোগ দিতে পারত। কিন্তু এভাবে বেত্রাঘাত করা কোনোভাবেই ঠিক হয়নি। তিনি এর বিচার দাবি করেন।এ ব্যাপারে শিক্ষক জয়নাল আবেদীন বলেন, গায়ে খাতা লাগিয়ে বেয়াদবি করার পাশাপাশি ক্লাসে ভুল অঙ্ক করার পর তাকে বেত্রাঘাত করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহীম মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরে শিক্ষক জয়নাল আবেদীনকে ধমকে দিয়েছি। আগামী শনিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তুলা মিয়াকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।