শিক্ষকের মামলায় ছাত্রলীগের চার নেতা কারাগারে
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের দায়ের করা একটি চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় জেলা ছাত্রলীগের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নেতা-কর্মীরা হলেন, ফয়সাল মাহাবুব, মেজবাহউদ্দিন, মামুন শিকদার ও মশিউর রহমান। আজ রোববার তাঁরা পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ফয়সাল মাহাবুব পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিলুপ্ত ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি), মেজবাউদ্দিন সাবু সাধারণ সম্পাদক (জিএস), মামুন শিকদার অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক ও মশিউর রহমান সদস্য। অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী জানান, ২০১১ সালের ২০ সেপ্টেম্বর ফয়সালের নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারী যুবক তাঁর কক্ষে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ভেঙে দেওয়া কলেজ সংসদ পুনর্বহালের জন্য চাপ দেন। তাঁরা অধ্যক্ষের কাছে দুই লাখ চাঁদা দাবি করেন।অধ্যক্ষ আরও বলেন, ‘এ সময় ছাত্রলীগের নেতারা তাঁদের তৈরি করা ছাত্রসংসদ পুনর্বহালের কাগজে স্বাক্ষর ও কয়েকটি চেকে স্বাক্ষর করিয়ে নেন এবং আমার (অধ্যক্ষের) কক্ষের ক্ষতিসাধন করে।’ তিনি বলেন, ‘এ ঘটনায় আমি বাদী হয়ে ফয়সাল মাহাবুব, মেজবাহউদ্দিন, মশিউর রহমান, মামুন শিকদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা করি।’এদিকে আজ পিরোজপুর জেলা জজ আদালত চত্বরে দেখা হলে ফয়সাল বলেন, ‘অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় অধ্যক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর কলেজ ছাত্রসংসদ ভেঙে দেওয়ার পর ১৯ সেপ্টেম্বর তিনি তা পুনর্বহাল করেন। আমরা জোর করে কোনো কাগজ বা চেকে স্বাক্ষর নিইনি। আমাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আমরা ৫ অক্টোবর উচ্চ আদালত থেকে চার মাসের জামিন নিয়েছিলাম।’আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির জানান, ৬ ফেব্রুয়ারি আসামিরা পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত ১৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। তিনি বলেন, আসামিরা আজ পিরোজপুরের বিচারিক হাকিম চৌধুরী মাহাবুবুর রহমানের আদালতে হাজির হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটিও ভেঙে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।