রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল শনিবার এক শিক্ষকের মারধরে সাব্বির হোসেন (১৫) নামের এক ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাব্বির হোসেন গণভবন সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং রফিকুল ইসলাম ওই স্কুলের ইংরেজি শিক্ষক বলে সূত্র জানিয়েছে।স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা জানায়, গতকাল সকাল ১০টা থেকে স্কুলের একটি হলকক্ষে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে কৃষিশিক্ষা বিষয়ের ওপর মডেল টেস্ট চলছিল। হলে পরীক্ষা দিচ্ছিল সাব্বিরসহ ৪২ জন ছাত্র। প্রশ্ন কমন না পড়ায় বেলা ১১টার দিকে হলে সামান্য চেঁচামেচি হয়। এ সময় ওই হলের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম সাব্বিরের পাশে বসা ছাত্রকে মারতে তেড়ে যান। এতে ওই ছাত্র কাত হয়ে সাব্বিরের গায়ের ওপর পড়ে। ধাক্কা খেয়ে সাব্বির নিচে পড়ে যায় এবং তার পরীক্ষার খাতাটি ছিঁড়ে যায়। ছাত্ররা জানায়, শিক্ষক রফিকুল সাব্বিরের বিরুদ্ধে খাতা ছেঁড়ার অভিযোগ করেন এবং ছেঁড়া খাতা নিয়ে তাকে স্কুলের প্রধান শিক্ষিকার কাছে যেতে বলেন। সে প্রধান শিক্ষিকার কাছে না গেলে শিক্ষক রফিকুল ক্ষিপ্ত হয়ে সাব্বিরের মাথার চুল ধরে উপর্যুপরি ঝাঁকুনি ও মাথায় কিল-ঘুষি মারতে থাকেন। পরে প্রধান শিক্ষিকা হলকক্ষে ঢুকে সাব্বিরসহ কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে একটি কাগজে তাদের স্বাক্ষর নেন। এর পর পরই সাব্বির অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ স্কুলে গিয়ে শিক্ষক রফিকুলকে থানায় নিয়ে যায়। যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, ঘটনার পর ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষককে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।মারধরের ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, হইচই করা ও খাতা ছেঁড়ার শাস্তিস্বরূপ তিনি সাব্বিরের কাঁধে আলতো থাপড় দিয়েছেন। তবে তিনি সাব্বিরকে খাতা ছিঁড়তে নিজ চোখে দেখেননি।স্কুলের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আহমেদ মারধরের কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, সাব্বিরের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। অবস্থা তেমন গুরুতর নয়। তবে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাব্বিরের ভাই এরশাদ হোসেন বলেন, তাঁরা হতদরিদ্র। বাবা আবদুল করিম রিকশাচালক। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।