শিক্ষকের সংকটে লেদার টেকনোলজি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ১৮০ জন শিক্ষার্থী। সাত বছর চলে গেলেও তাঁরা এখনো চার বছরের সম্মান ডিগ্রি অর্জন করতে পারেননি। গত বছরের জুলাইয়ে তাঁদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয় মাস হতে চললেও এখনো ফল হয়নি। গত বছর এ শিক্ষায়তনে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়নি। লেদার টেকনোলজি কলেজ নামে বহুল পরিচিত রাজধানীর এ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা বোঝানোর জন্য আর কোনো তথ্যের হয়তো প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কলেজটিতে গুরুতর সেশনজটের অন্যতম কারণ ব্যাপক শিক্ষক-সংকট। এ কারণেই গত দুই বছর নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি। ৮০ জন শিক্ষক প্রয়োজন হলেও নিয়মিত শিক্ষক আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে কোনো জ্যেষ্ঠ শিক্ষক নেই। ছয় বছর ধরে বিরাজমান শিক্ষক-সংকট ও সেশনজটের কবলে পড়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে চামড়াশিল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি।গত ছয় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কয়েক দফায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু নিয়োগবিধি না থাকায় নিয়োগ হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিগগির তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই।লেদার টেকনোলজি কলেজের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আর শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়।এ অবস্থায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়টির অনুষদ বা ইনস্টিটিউটে রূপান্তর করার দাবি তুলেছেন। এ দাবিতে গতকাল মঙ্গলবার তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাঁরা বলছেন, সম্ভাবনাময় কলেজটির দায়িত্ব পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হলে সমস্যার দ্রুত সমাধান হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলছে, মন্ত্রণালয় চাইলে সবার স্বার্থে তারা দায়িত্ব নিতে প্রস্তুত। আর অধিদপ্তর বলছে, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। ছয় বছর ধরে সংকট চললেও শিক্ষক নিয়োগ না দেওয়ার কারণ জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কাশেম নিয়োগবিধি না থাকার কথা বলেন। প্রথম আলোকে তিনি বলেন, নিয়োগবিধি প্রণয়নের প্রক্রিয়া চলছে। সে প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে, এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, ‘তা সঠিকভাবে বলা যাচ্ছে না। কয়েক বছর ধরে এটি হচ্ছে না। এখন সব প্রক্রিয়া শেষ করতে আরও কত সময় লাগবে, তা বলা যাচ্ছে না।’ কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ বা ইনস্টিটিউট করার দাবির বিষয়ে আবুল কাশেম বলেন, এটি সরকারি কলেজ। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমস্যার কারণ তুলে ধরে প্রথম আলোকে বলেন, ‘নতুন জনবলকাঠামো ঠিক করা বেশ জটিল প্রক্রিয়া। এখানে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত।’ তবে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রণালয় সমস্যা সমাধানের উপায় খুঁজছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ বা ইনস্টিটিউট করা যায় কি না, সে বিষয়েও আলাপ-আলোচনা চলছে। সূত্র জানায়, এ বিষয়টি দ্রুত সুরাহা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে অবহিত করবেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রধান মন্ত্রীর সঙ্গে তাঁদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সাক্ষাৎ হলে তাঁরা কলেজটির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন। তিনি বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি দায়িত্ব দিয়ে হোক যেভাবেই হোক কলেজটিকে ভালোভাবে সচল করা জরুরী। রাজধানীর চামড়াশিল্পের কেন্দ্র হাজারীবাগে নিজস্ব প্রায় ১৪ একর জায়গায় প্রতিষ্ঠিত কলেজটিতে আছে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি। দেশের আর কোনো প্রতিষ্ঠানে এসব যন্ত্র নেই।সূত্র জানায়, প্রথম থেকেই বেশ সুনামের সঙ্গে চললেও কলেজটির সমস্যা শুরু হয় ১৯৮১-৮৪ সালের দিকে। এ সময় বেশ কিছু শিক্ষকের পদ অবলুপ্ত করা হয়। ১৯৯৭ সালে একটি প্রকল্পের অধীনে ২৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ২০০৫ সালে তা শেষ হওয়ার পর আবার শুরু হয় শিক্ষক-সংকট। কারণ প্রকল্পভুক্ত শিক্ষকদের রাজস্ব খাতভুক্ত করা হয়নি। এর পর থেকে চাকরি স্থায়ী না হওয়া ও বেতন-ভাতা না পাওয়ার কারণে অনেক শিক্ষক আস্তে আস্তে চলে যেতে থাকেন। সূত্র জানায়, সংকট দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ প্রকল্পের আওতায় কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঠিত কমিটি, চামড়াশিল্পের সংশ্লিষ্ট সমিতি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এবং সর্বশেষ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকল্পভুক্তদের রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ করা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি।সর্বশেষ গত ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কলেজটির সমস্যা নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এ আই মোস্তফা ও কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, সভায় ৭ মার্চের মধ্যে ন্যূনতম ৪০ জন স্থায়ী শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। এর মধ্যে তা না হলে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ বা ইনস্টিটিউট করার বিষয়টি বিবেচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। ৮ মার্চ পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। উপাচার্য আরেফিন সিদ্দিক প্রথম আলোকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি দেখা হচ্ছে বলে জানালে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সভা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে সম্পূর্ণভাবে ছেড়ে দিলে সবার স্বার্থে বিশ্ববিদ্যালয় সে দায়িত্ব নেবে। কলেজটির শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এ আই মোস্তফাও মনে করেন, এটি হলেই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।