ফরিদপুর মেডিকেল কলেজে শিক্ষকসমস্যা প্রকট আকার ধারণ করেছে। কলেজে শিক্ষকের ৫২ শতাংশ পদ শূন্য। ৩৪ শতাংশ শিক্ষক অনিয়মিত। এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।জানা যায়, ১৯৯২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ফরিদপুর মেডিকেল কলেজের। প্রতিষ্ঠার ১৮ বছরেও এই কলেজের নিজস্ব কোনো অবকাঠামো হয়নি। অপর (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার) ম্যাটসের ভবনে চলছে এর কার্যক্রম। ছাত্রছাত্রীদের রাখা হচ্ছে ভাড়া বাসায়। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষকসংকট ও কিছু শিক্ষকের দায়িত্বে গাফিলতি।ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের একটি করে পদ এবং ২৭টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ আছে মোট ১২৩টি। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৫৯ জন (উপাধ্যক্ষ ১, অধ্যাপক ৮, সহযোগী অধ্যাপক ৯, সহকারী অধ্যাপক ২৬ ও প্রভাষক ১৫)। শূন্য রয়েছে ৬৪টি পদ অর্থাৎ ৫২ শতাংশ।এ ছাড়া কলেজের টেকনোলজিস্টের সাতটি পদের সব কটি শূন্য থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।অভিযোগ রয়েছে, কর্মরত ৫৯ জন শিক্ষকের মধ্যে ২০ জন অর্থাৎ ৩৪ শতাংশ নিয়মিত কলেজে আসেন না। তাঁদের কেউ কেউ বছরে দু-একবার, কেউ কেউ মাসে দু-একবার কলেজে আসেন। খাতায় সই করে অনুপস্থিত দিনগুলোতে উপস্থিতি দেখান। তুলে নেন বেতন। কলেজে কর্মরত আটজন অধ্যাপকের মধ্যে চারজন কলেজে অনিয়মিত। তাঁদের মধ্যে মেডিসিন বিভাগের মো. আজিজুল হক বছরে দু-একবার কলেজে আসেন। ফিজিওলজির আমিনা খাতুন, শিশু বিভাগের লূতফূল কবির, অ্যানেসথেসিওলজির মো. শহীদুল ইসলাম সপ্তাহে বা ১৫ দিনে একবার কলেজে আসেন। আজিজুল হক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ক্লাস, পরীক্ষা নিই। মাঝেমধ্যে অনুপস্থিত থাকি। এ ছাড়া আমার স্ত্রী অসুস্থ। তাই তাঁর পাশে থাকতে হয়।’কর্মরত নয়জন সহযোগী অধ্যাপকের মধ্যে চর্ম ও যৌন বিভাগের মো. মাহবুবুল ইনসান ও মেডিসিন বিভাগের শাহ হাবিবুর রহমান বছরে দু-একবার এবং সার্জারি বিভাগের সরদার মো. মুসতানজিদ, অর্থো-সার্জারির রফিকুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের গোলাম মুক্তাদির এবং রেডিওথেরাপির এ কে এম হামিদুর রহমান মাসে দু-একবার কলেজে আসেন। এ ব্যাপারে কথা বলতে গতকাল বৃহস্পতিবার মাহবুবুল ইনসানের মুঠোফোনে তিন-চারবার কল করলেও তিনি রিসিভ করেননি। সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সরদার মো. মুসতানজিদ প্রথম আলোকে বলেন, ‘আমি পোস্টিং চেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, কিন্তু আমাকে দেওয়া হয় ফরিদপুরে। প্রথম দিকে কলেজে অনিয়মিত হলেও বর্তমানে আমি নিয়মিত।’ কর্মরত ২৬ জন সহকারী অধ্যাপকের মধ্যে আটজন অনিয়মিত। এর মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগের রাফি উদ্দিন আহমেদ বছরে দু-একবার এবং ফিজিওলজির নূরে আলম সিদ্দিকী, বায়োকেমিস্ট্রির মীর মো. জামাল উদ্দিন, কমিউনিটি মেডিসিনের মো. মোফাখখারুল ইসলাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের ফজলে মোস্তাকীম আমীর মো. মুসা চৌধুরী, প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিভাগের মুন্নুজান বেগম, গ্যাস্ট্রোএন্টারোলজির মো. রয়েস উদ্দিন মাসে দু-একবার কলেজে আসেন। এ ছাড়া চক্ষু বিভাগের ফাহিমা নাহিদ অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। তিনি হূদরোগের চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মাইক্রোবায়োলজি বিভাগের রাফি উদ্দিন আহমেদ তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে বলেন, ‘আমি আট বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। দূরপথে চলাফেরা করতে আমার সমস্যা হয়। তাই আমি বরিশাল মেডিকেল কলেজে পোস্টিং চেয়েছিলাম। পোস্ট ফাঁকাও আছে।’ তিনি আরও বলেন, ‘ফরিদপুরে গিয়ে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয় বলে আমি দীর্ঘদিনের ছুটি চেয়েছি। প্রায় দুই মাস আগে আবেদন পাঠালেও মন্ত্রণালয় এখন পর্যন্ত ছুটি অনুমোদন করেনি।’কর্মরত ১৬ জন প্রভাষকের মধ্যে প্যাথলজির জাহানারা বেগম ছুটি না নিয়েই দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে জাহানারা বেগমের মুঠোফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া এনাটমি বিভাগের প্রভাষক প্রণয় কুমার দত্ত উচ্চতর প্রশিক্ষণের জন্য আড়াই বছর ধরে ছুটিতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষকেরা কলেজে না আসায় নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসগুলো হয় না। হঠাৎ এক দিন একজন শিক্ষক হাজির হয়ে মাসের পাঠ এক দিনে দিতে চান। এর ফলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে চাপের মুখে পড়তে হয়। কোনো কোনো শিক্ষক আকস্মিক হাজির হয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করেন, যার জন্য শিক্ষার্থীরা মোটেও প্রস্তুত থাকেন না। তাঁরা আরও বলেন, নিয়মিত পাঠদান না করায় শিক্ষকদের পক্ষে জানা সম্ভব হয় না, কোন শিক্ষার্থীর মান কেমন। ফলে তাঁদের মধ্যে গড় নম্বর দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়; যাতে ক্ষতিগ্রস্ত হন মেধাবীরা।ফরিদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ মো. রফিকুল আক্তার ২০ জন শিক্ষকের অনিয়মিত অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁদের বারবার কারণ দর্শানোর নোটিশ দিয়েও কোনো পরিবর্তন আনতে পারিনি। এমনকি কয়েক মাস আগে আমি নয়জনের বেতনও বন্ধ করে দিয়েছিলাম। তাঁরা অনেক কাকুতি-মিনতি করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না—এ রকম প্রতিশ্রুতি দিয়ে বেতন ছাড়িয়ে নেন। কিন্তু তার পরও তাঁদের আচরণে কোনো পরিবর্তন আসেনি।’ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক এস এম খায়রুল ইসলাম বলেন, ‘তিন মাস আগে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্পষ্টভাবে বলেছিলেন, “যেসব চিকিৎসক আসেন না তাঁদের সরকারি চাকরি ছেড়ে দিতে হবে।” আমারও সেই কথা। অসুবিধা হলে তাঁরা চাকরি ছেড়ে দিচ্ছেন না কেন?’