শিক্ষক সংকট, অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবসহ নানা সমস্যায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কলেজে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও দর্শন—এ তিনটি বিষয়ে অনার্স কোর্স নয় বছর ধরে বন্ধ রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা আজও চালু করতে পারেনি।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালের ৪ জুলাই পটুয়াখালী শহরে কলেজটি স্থাপিত হয়। ১৯৭৯ সালের ৭ মে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে ছয় শতাধিক ছাত্রী এ কলেজে অধ্যয়নরত আছে। কলেজে শিক্ষকের ৭০টি পদ থাকলেও অধ্যক্ষসহ ৪২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কর্মরত আছেন ২৮ জন। এর মধ্যে কলেজে সহযোগী অধ্যাপকের সাতটি পদের মধ্যে আছে মাত্র দুইজন। সহকারী অধ্যাপকের ১২টি পদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং উদ্ভিদবিদ্যা—এ তিনটি পদে তিনজন শিক্ষক রয়েছেন। বাকি নয়টি পদ রয়েছে শূন্য। প্রভাষকের ১৯টি পদের মধ্যে কর্মরত আছেন ছয়জন। ১৩টি পদই শূন্য। প্রদর্শকের চারটি পদই শূন্য। শরীরচর্চা শিক্ষক, গ্রন্থাগারিক, সহগ্রন্থাগারিক, প্রধান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, দক্ষ বেয়ারার দুইজন, ক্যাশ সরকার ও এমএলএসএস—এ ১০টি পদ শূন্য রয়েছে। এদিকে এ কলেজে ইসলামের ইতিহাস, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, গণিত ও অর্থনীতি এ পাঁচটি বিষয়ে একজন শিক্ষকও নেই। ফলে এ পাঁচটি বিষয়ে অধ্যয়নরত তিন শতাধিক ছাত্রীর জন্য বাইরে থেকে শিক্ষক এনে ক্লাস চালু রাখতে হচ্ছে। এ ছাড়া কলেজে একাডেমিক ভবন, উন্নত লাইব্রেরি, কম্পিউটার কক্ষ, অডিটরিয়াম ভবন ও ক্যানটিন নেই। ছাত্রীদের জন্য ২০০ সিটের দুটি আবাসিক ভবন রয়েছে। তবে কলেজে কোনো বিকল্প বিদ্যুতের ব্যবস্থা নেই। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে কলেজে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও দর্শন—এ তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু হলেও ২০০১ সালে তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া কলেজে ব্যবসায় শিক্ষা শাখা খোলার এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় আগ্রহী মেয়েদের বাধ্য হয়ে সহশিক্ষার কলেজে পড়তে হচ্ছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর আহমেদ বলেন, ‘শূন্য পদে শিক্ষক নিয়োগসহ ব্যবসায় শিক্ষা শাখা ও অনার্স কোর্স চালু এবং কম্পিউটার ল্যাব স্থাপন একান্ত জরুরি। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ বিধায় সব ছাত্রীই চায়, এ কলেজেই পড়াশোনা করতে। কোর্সগুলো চালু না হলে বিশেষ করে এ অঞ্চলের গরিব মেধাবী ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে অনেকটা পিছিয়ে পড়বে। মিলনায়তন না থাকায় ক্লাস বন্ধ রেখে সেখানে অনুষ্ঠান করতে হয়। নতুন করে একাডেমিক ভবন নির্মাণ না করায় শিক্ষা কার্যক্রম দারুণ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে এ অঞ্চলের বিভিন্ন পর্যায়ে পরীক্ষা এই কলেজেই অনুষ্ঠিত হয়। এ সময় কক্ষের সমস্যা দেখা দেয়। ক্লাস চালু রাখতে নানা সমস্যায় পড়তে হয়।’