শিক্ষকেরা অংশ নিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, গতকাল সোমবার তা প্রত্যাহার করা হয়েছে।৪ মে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইউপি নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল। ওই পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, দি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স-১৯৬১-এর ৩০ ধারা অনুযায়ী স্বীকৃত উচ্চমাধ্যমিক কলেজ বা মাধ্যমিক স্কুলের কোনো কর্মকর্তা/কর্মচারী কোনো স্থানীয় সরকার কিংবা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা কিংবা ওই সব নির্বাচনে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। এর বিরুদ্ধে কয়েকজন শিক্ষক হাইকোর্টে রিট করেন। আদালত আবেদনকারীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে কমিশনকে নির্দেশ দেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল কমিশনের বৈঠকে ওই অনুচ্ছেদটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তা প্রত্যাহার-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বৈঠকে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশে বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। এ অবস্থায় নির্বাচনে আগ্রহী বাকি শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলে তা বৈষম্যমূলক হবে।কমিশনের সিদ্ধান্তপত্রে বলা হয়, ১৯৯৬ সালের ইউপি নির্বাচনে বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে উচ্চ আদালতের একটি রায় [৪৮ ডিএলআর (এডি) ১২১] আছে। এ কারণে ৪ মে জারি করা ৩ নম্বর পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করা হলো।নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন গতকাল প্রথম আলোকে জানান, কমিশনের সিদ্ধান্ত অনুসারে বিকেলেই ৩ নম্বর পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করে নির্দেশ জারি করা হয়েছে এবং তা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে।সূত্র জানায়, কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে ৪৮ ডিএলআর-এর কথা উল্লেখ করলেও এপ্রিল মাসের শেষ সপ্তাহে চুয়াডাঙ্গার দামুড়হুদার একজন কলেজশিক্ষক নির্বাচন কমিশন সচিবালয়কে এ বিষয়ে অবহিত করেন। কিন্তু কমিশন তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি।