শিক্ষা উন্নয়নের জন্য ভারতকে ১০৫ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক
শিক্ষা উন্নয়নের জন্য ভারতের স্কুলগুলোয় ১০৫ কোটি ডলারের ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। শিশুদের স্কুলে যেতে আরও আগ্রহী করতে বিশ্বব্যাংক গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য ভারত সরকারের গৃহীত ‘সর্বশিক্ষা অভিযান’ নামে এক সরকারি কার্যক্রমে বিশ্বব্যাংকের এই টাকা ব্যয় করা হবে। দারিদ্র্যের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে এটি বিশ্বব্যাংকের সবচেয়ে বড় সহায়তা। তবে এটি বিশ্বব্যাংকের বড় সহায়তা হলেও ভারতের মতো বিপুল দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ সহায়তা একেবারেই অপ্রতুল।বিশ্বব্যাংকের শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ স্যাম কার্লসন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, বিশ্বব্যাংকের সাম্প্রতিক দেওয়া তিন কিস্তির এ ঋণসহায়তা ভারতের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি বলেন, এ কার্যক্রম ২০০২ সালে শুরু হয়েছে। এরপর স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তবে শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখা, এ কার্যক্রমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, স্কুল থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের সংখ্যা এখানে অনেক বেশি।ভারত সরকারের এক পরিসংখ্যানে জানা যায়, দেশটিতে ২০০৩ থেকে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা গ্রহণ করা শিশুদের সংখ্যা ৫৭ মিলিয়ন থেকে ১৯২ মিলিয়ন বেড়েছে। একই সময়ের মধ্যে স্কুল থেকে ঝরেপড়া শিশুর সংখ্যা ৮.১ মিলিয়ন থেকে বেড়ে ২৫ মিলিয়নে দাঁড়িয়েছে।স্যাম কার্লসন জানান, প্রত্যন্ত গ্রাম ও বস্তির শিশুদের স্কুলে নিয়ে আসাটা খুবই কঠিন কাজ। ওই সব শিশুদের শ্রেণীকক্ষে নিয়ে আসার জন্যই বিশ্বব্যাংকের এ উদ্যোগ। যেসব পরিবার শিশুদের কখনো স্কুলে পাঠায়নি, এমনকি দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিক কারণে তারা শিক্ষা থেকে দূরে সরে রয়েছে, তাদের কাছে শিক্ষা পৌঁছানো এ কার্যক্রমের লক্ষ্য বলে তিনি জানান।