শিক্ষা এক ফি আরেক
হাওয়াপাড়া এলাকায় কর্নিয়া, পজিট্রন ও কনসেপট নামের তিনটি কোচিং সেন্টার অবস্থিত। এ প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতেই উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শিক্ষার্থীদের সব বিষয়ে পাঠদান করার জন্য শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিষয় ও মানের ক্ষেত্রে ন্যূনতম পার্থক্য না থাকার পরও একেকটি প্রতিষ্ঠান নিজেদের মতো করে ফি আদায় করছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তবে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, শিক্ষার মানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা কমবেশি আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগের সূত্র ধরে তিনটি প্রতিষ্ঠানের অফিসে খোঁজ নিয়ে জানা যায়, একাদশ-দ্বাদশের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য কনসেপট প্রতি মাসে নিচ্ছে যথাক্রমে এক হাজার ২০০, ৯০০ ও ৮০০ টাকা। প্রতি বিভাগের শিক্ষার্থীদের জন্য পজিট্রন মাসে এক হাজার ১০০ টাকা নিচ্ছে। অন্যদিকে কর্নিয়া নিচ্ছে প্রথম মাসে ভর্তি ফি বাবদ এক হাজার টাকা বেশি রাখছে। পাশাপাশি প্রতি মাসে এক হাজার টাকা নিচ্ছে।অনুসন্ধানে দেখা গেছে, এ তিনটি কোচিং সেন্টার ছাড়াও নগরের আরও অর্ধশতাধিক কোচিং সেন্টারে একই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করা হচ্ছে। গত ২৮ এপ্রিল বিকেলে কর্নিয়া কোচিং সেন্টারে গিয়ে নাজমুল ইসলাম পাটোয়ারী নামের একজনকে অফিস কক্ষে বসে থাকতে দেখা যায়। নিজেকে ওই প্রতিষ্ঠানের রসায়ন বিষয়ের শিক্ষক পরিচয় দিয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মানের ভিন্নতার কারণেই একেক প্রতিষ্ঠান একেক পরিমাণ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে।