শিক্ষা ও পরিবেশ নিয়ে উদ্বিগ্ন শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুরা শিক্ষা, খাদ্য ও পরিবেশের মতো বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আজ মঙ্গলবার প্রকাশিত একটি আন্তর্জাতিক জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। আফ্রিকা, এশিয়া, আমেরিকা ও ইউরোপের ৪৭টি দেশের ছয় হাজার ২০৪ জন শিশুর অনলাইনে নেওয়া সাক্ষাত্কারের ভিত্তিতে এ ফল পাওয়া গেছে। শিশুদের কাছে তাদের আকাঙ্ক্ষা, দুর্যোগের বিষয়ে অভিজ্ঞতা এবং পরিবেশ নিয়ে জানতে চাওয়া হয়।‘কচিকণ্ঠের বড় স্বপ্ন’ শীর্ষক এই জরিপে দেখা গেছে, উন্নয়নশীল দেশের ১০ থেকে ১২ বছর বয়সী অর্ধেক শিশু তাদের উন্নত জীবনের জন্য শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যাপারে মনোযোগী হতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। জরিপটি পরিচালনা করে অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড ফান্ড ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টিভেন স্টারলিং বলেন, ‘উন্নয়নশীল দেশের শিশুরা শিক্ষার ওপর কতটা জোর দেয়, তা দেখে আমরা সব সময় বিস্মিত ও অনুপ্রাণিত হই। এটি শিশুদের পরিপক্বতার গভীরতা বোঝায়; শিক্ষা ও তাদের উন্নত জীবনের যোগসূত্রটা তারা কতটা ভালো বোঝে, সে সম্পর্কে জানা যায়।’ জরিপে অংশ নেওয়া উন্নয়নশীল দেশের এক-তৃতীয়াংশের বেশি শিশুর বন্যা, খরা, অগ্নিকাণ্ডসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থাকলেও পরিবেশদূষণ তাদের কাছে বড় উদ্বেগের বিষয়। দরিদ্র দেশের শিশুরা বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে উদ্বিগ্ন হলেও এটি উন্নত বিশ্বের শিশুদের উদ্বেগের তালিকায় নেই।এর কারণ ব্যাখ্যা করে স্টিভেন স্টারলিং বলেন, উন্নয়নশীল দেশের শিশুদের তুলনায় উন্নত বিশ্বের শিশুদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা অনেক কম বলে এমনটা হতে পারে। পরিবেশগত সমস্যা সমাধানের ব্যাপারে বিশ্বব্যাপী প্রায় অর্ধেক শিশুর চিন্তাভাবনা খুবই উত্সাহজনক বলে তিনি মন্তব্য করেন। প্রতিবেদনে জানানো হয়, শিশুদের খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যাপারে উন্নত বিশ্ব সবচেয়ে বেশি সাড়া দেয়। আর পরিবেশ বিষয়টা সবার জন্যই চিন্তার বিষয়। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দুই বিশ্বের শিশুদের আকাঙ্ক্ষাও ভিন্ন। উন্নয়নশীল দেশের অর্ধেকের বেশি শিশু শিক্ষকতা বা স্বাস্থ্যসম্পর্কিত পেশায় জীবন গড়তে চায়। উন্নত দেশের শিশুরা বিলাসবহুল পেশায় জীবন গড়তে চায়। কেউ কেউ পেশাদার ক্রীড়াবিদ হতে চায়। তবে জরিপে অংশ নেওয়া শিশুদের মধ্যে একটি বিষয়ে খুব মিল পাওয়া গেছে; তা হলো, তাদের প্রায় সবাই জীবজন্তুকে সবচেয়ে বেশি ভয় পায়।