শিক্ষা ও বিদ্যুতে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত সমীক্ষায় সরকার পরিচালনার বেশির ভাগ ক্ষেত্রে হতাশার চিত্র উঠে এলেও ব্যতিক্রম দেখা গেছে শিক্ষা ও বিদ্যুৎ খাতে। ২০১০ সালের মতো এ বছরও শিক্ষা খাতে সরকার ব্যাপক সফলতা দেখিয়েছে বলে উত্তরদাতারা মনে করেছেন। মেঘাচ্ছন্ন আকাশে আলোর ঝলকানির মতো আগের বছরের মতো ২০১১ সালেও ৮৯ শতাংশ মানুষ শিক্ষা খাতকে সফল বলে চিহ্নিত করেছে। আট শতাংশ মানুষ বলেছেন, শিক্ষা খাতে উন্নতি হয়নি। প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত সর্বশেষ জনমত গবেষণা জরিপে এ তথ্য জানা গেছে।বিদ্যুৎ খাতেও সরকার এবার উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বলে মানুষ মনে করেন। ২০০৯ সালে ৪৩ শতাংশ মানুষ সরকারের বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এই মতের সমর্থনে ২০১০ সালের জনমত ব্যাপকভাবে হ্রাস পায়; এ মত নেমে আসে ২৮ শতাংশে। ২০১১ সালে এসে বিদ্যুৎ খাতে সাফল্যের ব্যাপারে জনমত আবার ইতিবাচক দিকে মোড় ফিরিয়েছে। সর্বশেষ জরিপে ৪৮ শতাংশ মানুষ বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করেছেন। এ জরিপে ১৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, বিদ্যুৎ খাতে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে ৩১ শতাংশ উত্তরদাতা মনে করেছেন, বিদ্যুৎ খাতে অবনতি হয়েছে।