শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান হেলেন ক্লার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন সফররত ইউএনডিপির প্রধান নির্বাহী হেলেন ক্লার্ক। আজ শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ বিষয়ের ওপর জোর দেন।ইউএনবি জানায়, বৈঠকে খালেদা জিয়ার নেতৃত্বে বিগত সরকারের সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্জনের প্রশংসা করেন ক্লার্ক। আর এ অর্জনগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। হেলেন ক্লার্ক বলেন, ‘আফগানিস্তানের পর এশিয়ার দেশগুলোর মধ্যে ইউএনডিপির বড় কর্মসূচি বাংলাদেশে।’বৈঠকে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নিউজিল্যান্ডের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক প্রথমবারের মতো শুধু বাংলাদেশ সফরই করছেন। এটি প্রমাণ করে, বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইউএনডিপি।বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা এম কে আনোয়ার ও আবদুল মঈন খান। গত বুধবার বাংলাদেশ সফরে আসেন হেলেন ক্লার্ক। কাল শনিবার তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। —ইউএনবি