আদালতের নিষেধাজ্ঞায় শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত করা হলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট কাটছে না। আদালত অবমাননা এড়াতে শিক্ষকেরা এখন সমিতির পরিবর্তে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা কার্যক্রম থেকে নিজেদের দূরে রাখার কথা ভাবছেন।দীর্ঘ ৪৪ দিন বন্ধের পর আজ শনিবার বুয়েট খুলছে। কিন্তু প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।বুয়েট শিক্ষক সমিতির ডাকা আন্দোলনের ওপর আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা রয়েছে। এর পাশাপাশি ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আদালতের নির্দেশনা রয়েছে।শিক্ষক সমিতির নেতারা আশা করছেন, বুয়েটের পরিস্থিতি বিবেচনা করে সরকার শিগগিরই উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে। সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবি এখনো আমাদের আছে। সরকার বুয়েটের অবস্থা বিবেচনা করে শিগগিরই ইতিবাচক কিছু করবে। এর পাশাপাশি আদালতের রুলের জবাব দেওয়া হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘ভর্তি পরীক্ষার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। সেটা করলে প্রথমে ডিন ও বিভাগীয় প্রধানদের ডাকতে হবে। একাডেমিক কাউন্সিলের সভা করে ভর্তি কমিটির চেয়ারম্যান ঠিক করতে হবে। কিন্তু আমার মনে হয় না, শিক্ষকেরা এসবে যোগ দেবেন। আর ব্যক্তিগত পর্যায় থেকে কেউ যেতে না চাইলে সেখানে আদালত অবমাননা হবে বলেও শিক্ষকেরা মনে করছেন না।’পানিসম্পদ প্রকৌশল বিভাগের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমরা যে কারণে রাস্তায় নামলাম, তার সমাধান হলো না। আজ বুয়েটে যাব। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।’যন্ত্রকৌশল বিভাগের আরেক অধ্যাপক বলেন, ব্যক্তিগতভাবে শিক্ষা কার্যক্রমে না যাওয়ার চিন্তা শিক্ষকদের আছে।ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বুয়েট খোলার পরপরই ভর্তি পরীক্ষার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হবে। সেখানেই কবে থেকে কীভাবে ভর্তি কার্যক্রম শুরু করা যায়, তা ঠিক করা হবে।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে ৭ এপ্রিল থেকে বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই থেকে ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কমর্চারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্লাস-পরীক্ষা শুরু হয়নি।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বুয়েট খোলার পর দেখা যাক কী হয়। পুরো বিষয়গুলো পর্যালোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।