শিক্ষা খাতে বরাদ্দ জাতিসংঘের মানের নিচে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শিক্ষা খাতে বরাদ্দ এখনো জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘জিডিপির মাত্র ২.২ শতাংশ আমরা বরাদ্দ পাই। অথচ উন্নয়নশীল দেশগুলোর জন্য তা হওয়ার কথা জিডিপির ৮ শতাংশ।’ তরুণ প্রজন্মকে আধুনিক, মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তরুণেরাই পারবে দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে। দুর্নীতিমুক্ত, দক্ষ, গতিশীল ও স্বচ্ছ শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসন গড়ে তুলতে চাই। এ জন্য সবাইকে জবাবদিহি করতে হবে; আমিও জবাবদিহি করব। শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ টিকতে পারবে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে তিনি চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষাবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে। বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকের হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খালেদ মাহমুদ চৌধুরী, বোর্ডের সচিব নুরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।সভায় শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পরিকল্পনা কেবল দুষ্টচক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে আমরা চাই ডিজিটাল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যেতে। দারিদ্র্য, অভাব, ক্ষুধা, পশ্চাত্পদতা ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন প্রজন্ম।’ তিনি শিক্ষা প্রসারের জন্য আগামী চার বছরের লক্ষ্যের কথাও জানান। তিনি বলেন, ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের। ২০১৩ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। এর পর পরই ২০১৪ সালের মধ্যে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী দুর্নীতি ও অন্যান্য ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি দূরীকরণে শিক্ষকদের পরামর্শ, সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের জন্য শিক্ষকদের বৈষম্যহীনভাবে পাঠ ও বই বিতরণের আহ্বান জানান তিনি। কারিগরি শিক্ষায় বরাদ্দ বাড়ানোর ইচ্ছাও ব্যক্ত করেন মন্ত্রী।এর আগে মন্ত্রী চট্টগ্রাম সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।