শিক্ষা-গবেষণায় সহযোগিতা করবে বেলারুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেলারুশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালু করা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, কৃষিজাতপণ্যের উত্পাদন, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স ও বেলারুশের জাতীয় বিজ্ঞান একাডেমির মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রমও গ্রহণ করা হবে।আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে বেলারুশের প্রধানমন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মিখাইল মিয়াসনিকোভিচ আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন বেলারুশ, ক্রিয়েশন অব ইনোভেটিভ ইকোনমি: ভিউ টু দ্য ট্রান্সফরমেশনাল প্রসেস’ শীর্ষক বক্তৃতা দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ক্যাম্পাসে বেলারুশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাঁর আগমন বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে আলোড়িত ও উদ্বেলিত করেছে। উপাচার্য বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে বেলারুশ যে সহযোগিতা করেছে, তা এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। উপাচার্য আশা প্রকাশ করেন, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি তথা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেলারুশ সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।