শিক্ষা-তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে জন্য ২০১০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর নতুন শিক্ষানীতির বাস্তবায়ন শুরু হবে। শিক্ষার বিভিন্ন স্তরের বিশৃঙ্খলা ও ত্রুটি এতে দূর হবে বলে আশা করছি। গত কয়েক বছরে বাংলাদেশের উচ্চশিক্ষায় বিরাট পরিবর্তন এসেছে। এর প্রধান বিষয় ছিল অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদ দিলে এখন অন্য যে প্রায় ৩০টি মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মানের তেমন কোনো উন্নতি অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে না। অভিযোগ উঠছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রির ন্যূনতম মান নিশ্চিত না করেই অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ দিয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কয়েক বছর ধরে সরকার একটি অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু কয়েকটি মহল থেকে আপত্তি ওঠায় সরকার এ উদ্যোগ থেকে সরে আসে। সম্প্রতি একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়েছে। আশা করা যায়, এ বছর আইনটি জাতীয় সংসদে গৃহীত হবে। এতে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার মান নিয়ে বর্তমান অসন্তোষ তাতে কিছুটা হ্রাস পাবে বলে মনে করি।বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম এ বছর যথেষ্ট গতি পাবে বলে আশা করি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ই-গর্ভন্যান্স, অর্থাত্ সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার সর্বস্তরে বাড়বে বলে আশা করছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কাগজভিত্তিক সনাতনী যোগাযোগের বদলে ইলেকট্রনিক প্রযুক্তির সূচনা করতে হবে। এতে সিদ্ধান্ত গ্রহণে যেমন গতি আসবে, সরকারের সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততাও অনেক বাড়বে। সরকারি সিদ্ধান্তগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলে তথ্য জানতে মানুষকে আর সময় ও অর্থ খরচ করে দপ্তরে দপ্তরে যেতে হবে না। ঘরে বসেই তারা দরকারি তথ্য পেয়ে যাবে। সরকারি সেবামূলক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবাও পাওয়া যাবে অনেক সহজে। আমি আশা করব, এ বছর ই-প্রকিউরমেন্ট, অর্থাত্ সরকারের ক্রয়সংক্রান্ত কার্যক্রম ও টেন্ডার-প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহূত হবে। এতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং টেন্ডারে যেসব অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যায়, তা দূর হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারের বিভিন্ন পর্যায়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও দরখাস্ত দাখিলের ব্যবস্থাও করা সম্ভব।গত বছর তথ্য অধিকার আইন জাতীয় সংসদে গৃহীত হয়েছে। আশা করব, এ বছর তথ্য কমিশনের তত্পরতা জোরেশোরে শুরু হবে। জনগণ সরকারি অফিসগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সহজে সংগ্রহ করতে পারবে। এর মাধ্যমে গণতান্ত্রিক সরকারের জবাবদিহি দৃঢ় ভিত্তি পাবে।প্রতিটি মাধ্যমিক স্কুলে সরকার কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। আশা করি, ২০১০ সালে এ কার্যক্রম অনেকটা এগিয়ে যাবে। মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীরা পাঠক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয় ইন্টারনেট বা সিডির মাধ্যমে ব্যবহার করতে পারে। বর্তমানে সারা দেশ থেকে ওয়্যারলেসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হলেও তা যেমন ব্যয়বহুল, তেমনই মন্থরগতি।আশা করি, ২০১০ সালে ইন্টারনেট ব্যবহারের খরচ উল্লেখযোগ্য হারে কমানো হবে এবং দেশের সর্বত্র থেকে উচ্চগতির ইন্টারনেট-সুবিধা পাওয়া যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই বছরে বহু টেলিসেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। এ বছর সে সংখ্যা ১০ হাজারে উন্নীত হবে বলে আশা করি। তাহলে কৃষিসংক্রান্ত তথ্য ও স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের নাগালে আসবে।অবকাঠামোর ক্ষেত্রেও বছরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, আমরা আশা করছি, এ বছরের শেষদিকে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে।