শিক্ষা নিয়ে বাণিজ্য, প্রধানমন্ত্রীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য, শিক্ষকদের কনসালট্যান্সি, টিউশনি ইত্যাদিতে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাঁর সরকার শিক্ষাক্ষেত্রে এসব অব্যবস্থা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তিনি বলেন, আদর্শ পেশা শিক্ষকতা থেকে ধীরে ধীরে আদর্শ ও নীতিবোধ উধাও হয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে প্রথম স্টাফ কোর্স ও নায়েমের প্রশাসনিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী দুঃখ করে বলেন, শিক্ষকদের আদর্শ ও নীতিবোধ লোপ পেয়েছে। শিক্ষা দেওয়ার চেয়ে বাণিজ্যই একশ্রেণীর শিক্ষকের কাছে প্রধান হয়ে উঠেছে। আজকাল প্রাইভেট টিউটরের কাছে কিংবা কোচিং সেন্টারে পড়া শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হয়েছে। অন্যথায় ছাত্রছাত্রীরা পাস পর্যন্ত করতে পারে না। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবন চলতে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই সব নয়, এটাও মনে রাখতে হবে।’শেখ হাসিনা বলেন, আজকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দিনের পর দিন নিজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো অথবা কনসালট্যান্সি করতে তাঁরা ব্যস্ত থাকছেন। এতে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এসব থেকে বেরিয়ে এসে তিনি শিক্ষকদের পুনরায় সমাজের সবচেয়ে আদর্শবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করার ওপর জোর দেন।অভিভাবকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্তানের লেখাপড়ার গুণগত মানের চেয়ে অন্য শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে প্রতিযোগিতা করাই এখন কিছু অভিভাবকের প্রধান লক্ষ্য। স্কুলের সামনে বসে অন্য অভিভাবকের কথা শুনে বাসায় ফিরে নিজ সন্তানের ওপর অত্যাচার করেন কোনো কোনো অভিভাবক। অনেক অভিভাবক আর্থিক সচ্ছলতার প্রভাব সন্তানের ওপর ফেলার চেষ্টা করেন। শিশুদের কেউ কেউ ক্লাসে গিয়ে সহপাঠীদের সঙ্গে কোন মডেলের গাড়িতে এসেছে তা গর্ব করে বলে।’ প্রধানমন্ত্রী শিশুদের এমন মানসিকতা তৈরির জন্য একশ্রেণীর অভিভাবককে দায়ী করেন।ভর্তি-বাণিজ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর সঙ্গে শুধু ছাত্ররাই নয়, এক ধরনের ছাত্রনেতা জড়িত রয়েছেন—যা আমাদের ছাত্রজীবনে চিন্তাও করতে পারিনি।’ তিনি বলেন, ‘ছাত্রনেতারা ভর্তি ফরম বেচে টাকা নেয় এবং ঘুষের বিনিময়ে ভর্তি করায় বলে শোনা যায়।’ যেকোনো মূল্যে এই ভর্তি-বাণিজ্য বন্ধ করার কথা বলেন তিনি।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো যুগোপযোগী এবং সঠিক পদক্ষেপ না নেওয়ায় দেশের শিক্ষাব্যবস্থা এক ধরনের লক্ষ্যহীনতার দিকে এগিয়ে গেছে। ফলে প্রকৃত শিক্ষার পরিবর্তে এসেছে শিক্ষা-বাণিজ্য। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার হার বাড়াতে হবে। এ লক্ষ্যে শিক্ষা-সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, সবার মতামত নিয়ে ইতিমধ্যে শিক্ষানীতি প্রণীত হয়েছে। খুব শিগগির জাতীয় সংসদে শিক্ষানীতি উত্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬-২০০১ সালে দায়িত্ব পালনকালে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়। এর ফলে দেশে শিক্ষিতের হার ৪৫ থেকে বৃদ্ধি পেয়ে ৬৫ শতাংশে দাঁড়ায়। কিন্তু গত সাত বছরে শিক্ষার হার তো বাড়েইনি বরং কমে গিয়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। অথচ আমরা ২০০৬ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম। আমাদের রেখে যাওয়া কর্মসূচি পরবর্তী সরকার বাস্তবায়ন করলে অবশ্যই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব ছিল।’শেখ হাসিনা বলেন, ‘বিগত সরকার আমাদের নতুন প্রজন্মকে বিকৃত শিক্ষা দিয়েছে। বিকৃত শিক্ষা চরিত্র বিকৃত করে। তাই নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস থেকে মু্ক্ত করে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে।’ প্রধানমন্ত্রী ঢাকা শহরের প্রতিটি এলাকায় একটি করে ভালো স্কুল প্রতিষ্ঠার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সাবেক বৃহত্তর জেলাগুলোতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।