শিক্ষা নিয়ে রবীন্দ্রভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কনটেম্পোরাইজিং টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন। গত শুক্রবার থেকে যৌথভাবে তিন দিনের এ সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, শান্তিনিকেতনের বিশ্বভারতী ও নয়াদিল্লির জমিয়া মিল্লিয়া (একাডেমি অব থার্ড ওয়ার্ল্ড স্টাডিজ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সেমিনারে গতকাল চারটি পর্বে ১২টি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাথের শিক্ষাবিষয়ক ভাবনা প্রাধান্য পেয়েছিল। সেমিনার শেষে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রনাথের ছিন্নপত্র অবলম্বনে সৈয়দ শামসুল হকের নাট্যরূপে মঞ্চস্থ হয় পালাকারের নাটক বাংলার মাটি বাংলার জল।গতকাল সেমিনারগুলোর মধ্যে ‘কনটেম্পোরারি সিগনিফিকেন্স অব টেগোরস আইডিয়াস অন এডুকেশন’ শিরোনামের প্রবন্ধে টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টুসিয়োশি নারা বলেন, ‘ঐতিহ্যগত ভারতীয় শিক্ষার প্রতি রবীন্দ্রনাথের সহজাত দুর্বলতা ছিল। তাঁর নিজের প্রবর্তিত শান্তিনিকেতনের শিক্ষাপদ্ধতি থেকেও বোঝা যায়, গুরুমুখী শিক্ষার প্রতি ছিল তাঁর অগাধ আস্থা। ছাত্র-শিক্ষকের ব্যক্তিগত সম্পর্ককে তিনি জ্ঞান আদান-প্রদানের সহায়ক মনে করতেন। ঔপনিবেশিক শিক্ষাপদ্ধতির প্রতি ভারতীয়দের অন্ধ আনুগত্যকে তিনি কখনো সমর্থন করেননি। তাই দেখা যায়, শান্তিনিকেতনে নবীন শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে গাছতলায়। কৃষিভিত্তিক সভ্যতাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উদ্ভাবন করেছেন সমবায় কৃষিপদ্ধতি। তৈরি করেছেন কৃষি ব্যাংক। এই সবই শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের বিকল্প চিন্তার উৎস।’‘চাইল্ড এডুকেশন ইন টেগোর থটস অ্যান্ড অ্যাকটিভিটিস’ প্রবন্ধে অধ্যাপক অসিতবরণ ঘোষ বলেন, ‘সকল স্বাভাবিক শিশুর মধ্যে পাঁচ ধরনের বিশেষ জিন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সুপ্ত থাকে। জিনগুলো হচ্ছে অপার বিস্ময়, অসীম আনন্দ, অনিঃশেষ কৌতূহল, অফুরন্ত জীবনীশক্তি এবং কারও না-কারও মতো হওয়ার ইচ্ছা। এই ঘুমন্ত জিনগুলোকে জাগাতে হয়, এটাই মা-বাবা ও শিক্ষকের প্রধান কাজ। দুর্ভাগ্যের বিষয়, আমাদের অধিকাংশ মা-বাবা ও শিক্ষক তা পারেন না। ফলে শিশুদের ভেতরকার ওই জিনগুলো ঘুমিয়ে থাকতে থাকতে কখন যে মরে যায়, তা তাঁরা জানতেও পারেন না। কাজেই শিশুকে জাগানো নয়, নিজেকে জাগানোই আজ প্রথম ভাবনা ও পরিত্রাণের পথ।’‘টেগোর অল্টারনেটিভ এডুকেশনাল আইডিয়াস ইন দ্য এরা অব গ্লোবালাইজেশন’ প্রবন্ধে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বলেন, ‘রবীন্দ্রনাথের শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জীবিকা অর্জনের দক্ষতাসম্পন্ন কিছু যন্ত্রমানব তৈরি করা নয়। তাঁর শিক্ষার মূল উদ্দেশ্য আলোকিত মানুষ তৈরি করা। ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ প্রথাগত একাডেমিক শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করেছেন। স্কুলে চার দেয়ালের মধ্যে তাঁর শিশুমন হাঁপিয়ে উঠত। এ জন্য বড় হয়ে তিনি সেই যান্ত্রিক শিক্ষার কারাগার থেকে কীভাবে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া যায়, সে জন্য বিকল্প শিক্ষাপদ্ধতি দাঁড় করাতে চেয়েছেন। বিশ্বভারতী ছিল তাঁর যান্ত্রিক শিক্ষার অচলায়তন ভাঙার প্রধানতম প্রচেষ্টা।’‘গুরুদেব অ্যান্ড বিজয়া: রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড ভিক্টোরিয়া ওকাম্পো’ প্রবন্ধে আর্জেন্টিনার অ্যালেক্স এডুয়ার্দু ডায়াস মাইমন বলেন, ‘একবারমাত্র আর্জেন্টিনা গিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেটা ১৯২৪ সাল। আসলে যাওয়ার উদ্দেশ্য ছিল পেরু। কিন্তু শরীর বেঁকে বসায় বুয়েনস এইরেসে যাত্রাবিরতি দেন। পেরুতে আর যাওয়াই হয়নি। তবে আর্জেন্টিনাতে থাকার ফলে ইচ্ছে পূরণ হয়েছিল ভিক্টোরিয়া ওকাম্পোর। সুন্দরী বিদুষী রমণী বলতে যা বোঝায় ওকাম্পো ছিলেন ঠিক তা-ই। রবীন্দ্রনাথের প্রতিভা সম্পর্কে আগে থেকেই অনেক কিছু জানতেন ওকাম্পো। তাই আর্জেন্টিনায় কবির আগমন উপলক্ষে সাক্ষাতের সুযোগ হাতছাড়া করেননি তিনি। সাক্ষাৎকারটা উভয়ের জন্যই ছিল প্রীতিপদ। কৃতার্থ হয়েছিলেন ওকাম্পো। আর রবীন্দ্রনাথ যে আলোড়িত হয়েছিলেন, সে নিদর্শন তাঁর রচিত কিছু গান ও কবিতায় আমরা দেখতে পাই।’এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, ভারতের অমৃত সেন, মালাশ্রী লাল, রেবা সোম, বিশ্বজিৎ রায়, নীলাঞ্জনা ভট্টাচার্য, রণবীর সমাদ্দার, রাশিয়ার সের্গেই সেরেব্রিয়ানি এবং সার্বিয়ার আলেসান্দ্রা ম্যাসিক। বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সন্জীদা খাতুন, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও স্বপন মজুমদার। আজ সেমিনারের শেষ দিনে তিন পর্বে ১২টি প্রবন্ধ উপস্থাপিত হবে।