এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি মাস্টার্স বা স্নাতকোত্তর পাস করেছি। এখন ব্যবসা করতে চাচ্ছি। বিদেশি কিছু বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরা চাকরি ও পড়াশোনা করে। আমার ইচ্ছা, বাংলাদেশি ছাত্রদের ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির তথ্য ও ভর্তিতে সাহায্য করি এবং এটাকে ব্যবসা হিসেবে নিই। এ-সংক্রান্ত একটি ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হলে কী কী করা প্রয়োজন? আমাদের দেশে এ ব্যবসার ভবিষ্যৎ কী? সাগর, ঢাকা। পরামর্শ: আপনি যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে এ ব্যবসায় তরুণ ও শিক্ষিত লোকের প্রয়োজন আছে। পরামর্শক প্রতিষ্ঠান খুবই ভালো একটি ব্যবসা, এ ব্যবসা করার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়াশোনার নিয়মকানুন জানা প্রয়োজন। সেসব দেশের আর্থসামাজিক অবস্থা সম্বন্ধে বিশদ জ্ঞানের জন্য প্রচুর পড়াশোনা করা দরকার। তা ছাড়া হুট করে এ ব্যবসায় না আসাই ভালো, তাহলে ভুল পরামর্শের জন্য অনেক ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশে এ ব্যবসা করার জন্য সরকারের লাইসেন্স বা অনুমতির পাশাপাশি ভ্যাট পেপার, টিন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব ও বিদেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র থাকতে হবে। মনে রাখতে হবে, ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ না জেনেশুনে এ ব্যাপারে সম্মত হয় না। এটি একটি সেবামূলক ব্যবসা। তাই সুনামের সঙ্গে এ ব্যবসা করতে পারলে ভালো করা সম্ভব।বি এম নাজির হোসেন, সিইওএক্সিম গ্লোবাল করেসপনডেন্স