শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক টিএম জাকির হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের দল গতকাল সোমবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার তালা ঝোলানো বাকোসপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবদুস সালাম বিশ্বাস, উপবিদ্যালয় পরিদর্শক আলাউদ্দীন ও মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের তালা খোলার জন্য কাল (মঙ্গলবার) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পাঠানো হবে। কেউ তালা খুলতে বাধা দিলে জেলে ঢোকানো হবে বলে তিনি মন্তব্য করেন।সরেজমিন পরিদর্শন করে খুলনার উপপরিচালক টি এম জাকির হোসেন বলেন, স্কুলের সভাপতি প্রার্থী মাসুদের নেতৃত্বে তিনজন স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের তালা খুলতে বলা হলে চাবি হারিয়ে গেছে, পরে তালা ভেঙে দেওয়া হবে বলে তাঁরা জানান। তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক এস এম মোশারফ হোসেনকে ওই তিনজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছয়রুদ্দিন আহমেদ বলেন, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ৩৮ দিন আগে যশোর-৫ (মনিরামপুর) আসনের আওয়ামী লীগ সমর্থিত সাংসদ খান টিপু সুলতানের অনুসারী মোশারফ হোসাইন ওরফে মাসুদের সমর্থকেরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। সেই থেকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ: গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘সাংসদ সমর্থকদের তালা, ৩৮ দিন বন্ধ বিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন জাতীয় সংসদের যশোর-৫ এর সাংসদ খান টিপু সুলতান। তিনি দাবি করেছেন, সংবাদে প্রকাশিত জনৈক মোশারফ হোসাইন ওরফে মাসুদ তাঁর অনুসারী নন। গত ২১ জুলাই স্কুল কমিটির নির্বাচনে তাঁর পছন্দের বা মনোনীত কোনো প্রার্থী ছিল না। তিনি কোনো প্রশাসনিক কর্মকর্তাকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া লোকজনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলেননি,এবং নিজেও ওইরূপ অবস্থান গ্রহণ করেননি।তিনি প্রতিবাদপত্রে উল্লেখ করেছেন, তিনি বিষয়টি সম্পর্কে ২১ জুলাই অবহিত হন এবং তা সমাধানে ১০ সেপ্টেম্বর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, যশোর শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে চিঠি দিয়েছেন।