শিক্ষা ভবনের সামনের সড়কে শিক্ষকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শিক্ষা ভবনের সামনে আজ বুধবার বেলা সাড়ে তিনটা থেকে সড়ক অবরোধ করেছেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ না পাওয়া প্যানেলভুক্ত কয়েক হাজার শিক্ষক। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে যানজট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্যানেলভুক্ত শিক্ষক সমিতির সহসভাপতি আল মামুনুর রশিদ প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ২০১১ সালের ৯ ডিসেম্বর তাঁরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত হন। ২০১২ সালের ৯ এপ্রিল সরকার প্রজ্ঞাপন জারি করে। উত্তীর্ণ শিক্ষকদের মধ্য থেকে ১০ হাজার জন জাতীয়করণের মাধ্যমে বিভিন্ন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান। কিন্তু ৩২ হাজার ৬০১ জন শিক্ষক-শিক্ষিকাকে প্যানেলভুক্ত করে রাখা হয়। তাঁদের অনেকেরই বয়সসীমা পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাঁরা এখনো নিয়োগ পাচ্ছেন না। বিভিন্ন সময় দাবি জানালেও সরকার তাঁদের নিয়োগ দেয়নি। তাই তাঁরা গতকাল মঙ্গলবার থেকে শহীদ মিনারে অবস্থান নেন। আজ প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে তাঁদের আটকে দিয়েছে পুলিশ।