স্কুলে ভর্তির অতিরিক্ত টাকা ফেরত প্রসঙ্গ
শিক্ষা মন্ত্রণালয়ের কাগুজে নির্দেশ কেউ মানছে না, উদ্যোগও নেই
ভর্তি বাবদ নেওয়া অতিরিক্ত টাকা রাজধানীর অভিজাত বিদ্যালয়গুলো ফেরত দিচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই আহ্বান জানালেও গত পাঁচ মাসে তাতে কেউ সাড়া দেয়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অমান্য করলেও একটি বিদ্যালয়ের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, অস্বাভাবিক ভর্তি ফি নেওয়া বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটিতে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারছে না। অভিভাবকদের কয়েকজন বলেছেন, মন্ত্রণালয় কেবল প্রশংসা কুড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল। ভর্তি মৌসুম শেষ হওয়ার পর এখন সিদ্ধান্ত কার্যকরের কোনো উদ্যোগ নেই। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যালয়গুলোকে চাপ দিয়ে যাচ্ছি। যদি কেউ টাকা ফেরত না দেয় কিংবা সমন্বয় না করে, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করছে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গত জানুয়ারি মাসে অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেওয়ার বিষয়ে আদালতে রিট আবেদন করেন। আদালত মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করেছেন।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মন্ত্রণালয় রুলের জবাব দিয়েছে। বিদ্যালয়গুলোকে টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। রিট আবেদনকারীদের আইনজীবী আশরাফুল হাদী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের জবাবের কোনো অনুলিপি তাঁরা পাননি। এর মধ্যে বিচারকদের বেঞ্চ পরিবর্তন হয়েছে। অবকাশকালীন ছুটির পর আমরা বেঞ্চ পরিবর্তনের আবেদন করব।’ এ বছর রাজধানীর নামকরা বিদ্যালয়গুলো ভর্তির সময় সরকার-নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা নিয়েছে। মন্ত্রণালয়ের তদন্তে বিষয়টির প্রমাণও মেলে। নমুনা হিসেবে রাজধানীর ৩২টি প্রতিষ্ঠানে খোঁজ নেয় মন্ত্রণালয়। এতে দেখা যায়, ২৪টি বিদ্যালয় নীতিমালার বাইরে বেশি টাকা নিয়েছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠান ভর্তি ফি ১০ হাজার টাকার বেশি নিয়েছে। নীতিমালার বাইরে বেশি টাকা নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজ, মিরপুর বাংলা হাইস্কুল, মাইলস্টোন কলেজ, উত্তরা হাইস্কুল, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগরের আংশিক এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তির সময় মাসিক বেতন, সেশন, উন্নয়ন ফিসহ সব মিলিয়ে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি সংস্করণে সর্বোচ্চ ১০ হাজার টাকা গ্রহণ করার কথা। আর ঢাকার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান উল্লিখিত টাকার চেয়ে বেশি আদায় করে থাকলে তা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় অথবা ফেরত দেওয়ার কথা। এ বিষয়ে গত জানুয়ারির শেষদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়। তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে তথ্য বিবরণী পাঠিয়ে এ বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকসহ দেশবাসীকে জানানো হয়। গত ৬ মার্চ মন্ত্রণালয়ের আরেক আদেশে বলা হয়, ভর্তি নীতিমালা লঙ্ঘন করলে ওই প্রতিষ্ঠানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি বা এমপিও বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত মন্ত্রণালয় কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা বিষয়টি সম্পর্কে আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এ বিষয়ে এখনই ব্যবস্থা না নেওয়া হলে চলমান একাদশ শ্রেণীর ভর্তিতেও অতিরিক্ত টাকা নেওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।’খোঁজ নিয়ে জানা যায়, মার্চ থেকে এ পর্যন্ত কোনো বিদ্যালয় টাকা ফেরত দেয়নি অথবা মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা সমন্বয় করেনি। বড় বিদ্যালয়গুলোর মধ্যে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী বেতন ছাড়াই রাজধানীর মনিপুর বিদ্যালয় নতুন ভর্তিতে অনুদানসহ ২৪ হাজার ৮০০ টাকা নেয়। ওই টাকা ফেরত বা সমন্বয় করেনি ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো চিঠি পাইনি। তবে শুনেছি পরিচালনা পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠি এসেছে। কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি।’উল্লেখ্য, এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সরকারদলীয় স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি সংস্করণে বেতন ছাড়া ১৩ হাজার ৩০০ (ইংরেজি) ও বাংলা মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম বলেন, ‘এখনো অতিরিক্ত টাকা ফেরত বা সমন্বয় করা হয়নি। কমিটিও কোনো সিদ্ধান্ত দেয়নি।’ যখন এই সিদ্ধান্ত হয় তখন অস্থায়ী পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক। এখন বিদ্যালয়ে পরিচালনা কমিটি নেই। ঢাকা বোর্ড কমিটি গঠনের প্রস্তাব করলেও মামলা থাকায় বিষয়টি আটকে আছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় অনুদানের ভর্তির ক্ষেত্রে নেওয়া হয় দুই লাখ ১১ হাজার ৯০০ টাকা, মেধা কোটায় ৩১ হাজার ৯০০ টাকা। আর মতিঝিলে বাংলা মাধ্যমে ১৭ হাজার ৯০০ ও ইংরেজি সংস্করণে ১১ হাজার ৯০০ (বেতন ছাড়া) টাকা নেওয়া হয়। কিন্তু এই বিদ্যালয়টির পরিচালনা কমিটি টাকা ফেরত বা সমন্বয়ের বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত নেয়নি। কমিটি সরকারের কাছে টাকা ফেরত না দেওয়ার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আমরা পরিচালনা কমিটির সভায় আলোচনা করেছি। সভায় সিদ্ধান্ত হয়, মুগদা শাখায় নতুন ভবন তৈরি করতে হবে। তাই আমাদের সভাপতি বলেছেন বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন।’উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্লে গ্রুপে উন্নয়ন ফি ২২ হাজার (এ ছাড়া সেশন ফি চার হাজার, বেতন ৭৫০ টাকা) টাকা নেওয়া হয়েছে। তারাও টাকা ফেরত বা সমন্বয় করেনি। অভিযোগ ওঠা অন্যান্য বিদ্যালয়ের অবস্থাও কম-বেশি একই রকম।অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় লোক দেখানোর জন্য তদন্ত করে এবং টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয়। মন্ত্রণালয় ওই সিদ্ধান্তের কথা ওয়েবসাইটসহ গণমাধ্যমে প্রচার করলেও বাস্তবায়ন না করে ব্যর্থতার পরিচয় দিয়েছে।