শিক্ষা সংস্কারের দাবিতে চিলিতে ব্যাপক ছাত্রবিক্ষোভ (ভিডিও)
অবৈতনিক শিক্ষার দাবিতে আন্দোলনরত চিলির শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করতে সরকার জলকামান ব্যবহার করছে। গতকাল বুধবার দেশটিতে ৭৫ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।আল-জাজিরায় প্রকাশিত এক খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, দেশটির রাজধানী সান্টিয়াগোতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু বাস ভাঙচুর ও সেগুলোতে অগ্নিসংযোগ করলে পুলিশ বিক্ষোভকারীদের দমনে জলকামান ব্যবহার করে।শিক্ষার্থীদের সঙ্গে বুধবারের দাঙ্গায় পুলিশের ৪৯ জন সদস্য আহত হওয়ার পর আজ দেশটির সরকার জানিয়েছে, শিক্ষার্থীরা সরকারি বাস জ্বালিয়ে দেওয়ার অপরাধ থেকে রেহাই পাবে না। প্রেসিডেন্টের মুখপাত্র আন্দ্রেস চ্যাডউইক বলেন, ‘ছাত্রনেতারা ধ্বংস আর দুষ্কৃতির দুয়ার খুলে দিয়েছেন। আগস্ট মাসজুড়ে যেসব সহিংস আন্দোলন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে রেখেছে, সেগুলোকে আর কত দিন সহ্য করব। শিক্ষার স্বার্থে এগুলোর ভূমিকা কী?’চিলির ছাত্র ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল বোরিক এক স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘সান্তিয়াগোর পথে পথে আজ যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত। কিন্তু এর দায় সরকারের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অদ্ভুত নীরবতা আর সেগুলোকে উপেক্ষা করার যে সরকারি সিদ্ধান্ত, তার কারণেই আজ এ সমস্যার উদ্ভব হয়েছে।’চিলির শিক্ষাব্যবস্থার সংস্কারের জন্য এক বছর ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের লাগাতার আন্দোলনের পরও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এত দিন আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু গত বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে। অনেক শিক্ষার্থী লাঠি হাতে ভাঙচুর চালান, পুলিশের দিকে তাক করে পাথর এবং মলোটভ ককটেল ছুড়ে মারেন। ছাত্র-আন্দোলন আরও ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়তে পারে, এই আতঙ্কে সান্তিয়াগোর পৌর সরকার শহরটির পথে শিক্ষার্থীদের জমায়েত নিষিদ্ধ করেছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় বলছে, সরকারি বাস ভাঙচুরে প্রায় সাড়ে আট লাখ ডলারের ক্ষতি হয়েছে। যোগাযোগমন্ত্রী পেদ্রো পাবলো ইর্রেজুরিজ বলেন, ‘এসব মেনে নেওয়া যায় না। সরকারি বাসে হাজার হাজার মানুষ যাতায়াত করে। বাসগুলো জ্বালিয়ে দিয়ে যাত্রী ও চালকদের বিপদের মুখে ঠেলে দেওয়া হলো।’দেশটির রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন। দেশটির সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান অত্যন্ত খারাপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ খুব বেশি। শিক্ষকদের মান মোটেই ভালো নয়। যেসব ব্যাংক শিক্ষাঋণ দেয়, সেগুলোর সুদের হারও খুব চড়া। এত খরচ দেশটির খুব অল্প মানুষেরই কুলোয়।
দেশটির সরকার শিক্ষা খাতে ১০০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিলেও, আন্দোলনকারীরা বলছেন, সরকারের উচিত ধনীদের ওপরে আরও কর আরোপ করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত করা।