শিক্ষাই জাগিয়ে তুলবে আমাদের
পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার স্বপ্নকে পুঁজি করে হাঁটি হাঁটি পা পা করে জাগোর অগ্রযাত্রা। রায়েরবাজার বস্তিতে মাত্র ১৭ জন শিক্ষার্থী আর বসার জন্য একটা ছোট্ট গালিচা। এ দুই সম্বল করে ২০০৭ সালে ‘জাগো ফাউন্ডেশন’ শুরু করি। ভরসা ছিল দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা আর অবিরাম পরিশ্রম।প্রতিবছর নভেম্বর মাসে ‘বিশ্ব শিশু দিবস’-এর বার্তা নিয়ে রাজধানীর সড়কগুলোতে হলুদ গেঞ্জি পরিহিত আর লাল গোলাপের তোড়া হাতে তরুণ স্বেচ্ছাসেবকের সূত্রে জাগোর পরিচিতি এলেও এর মূল পরিধি আরও বিস্তৃত। জাগো বিশ্বাস করে, অনগ্রসর মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে তাদের স্বনির্ভর করার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সূচিত হবে। আর এই পরিবর্তনের পথিকৃৎ হবে দেশের তরুণ সম্প্রদায়। এ বিশ্বাস ও মূল্যবোধ থেকেই অধিকারবঞ্চিত শিশুদের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষাসুবিধা পৌঁছে দিতে ও দেশের তরুণদের মাঝে মূল্যবোধ জাগ্রত করতেই জাগোর পথচলা।জাগো ফাউন্ডেশন সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে ২০১২ সালের মধ্যে ঢাকায় দুটিসহ গাজীপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে মোট পাঁচটি স্কুল প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানগুলো থেকে বিনা মূল্যে শিক্ষাসুবিধা নিচ্ছে। এসব শিশুকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত ও কার্যকর শিক্ষাব্যবস্থা। এ লক্ষ্যে জাগো ফাউন্ডেশন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং আন্তর্জাতিক সিলেবাসভিত্তিক নিজস্ব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর যেমন জোর দিয়েছে, তেমনি শিশুদের পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরির মাধ্যমে সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের ওপরও সমভাবে গুরুত্ব আরোপ করেছে। শিশুদের এসব কার্যক্রম দেখা যাবে www.jaago.com.bd-এ।ঢাকার বাইরে অবস্থিত স্কুলগুলোতে মানসম্মত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জাগো ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশে ‘অনলাইন স্কুল’-এর ধারণা নিয়ে আসে। রাজধানীর বাইরের স্কুলগুলোতে শিক্ষাদানের একটি প্রধান অন্তরায় মানসম্মত শিক্ষকের অভাব। এ সমস্যার সমাধানে জাগো ফাউন্ডেশন স্কুলের টঙ্গী শাখায় প্রথম ইন্টারনেটভিত্তিক ‘অনলাইন স্কুল’ চালু হয়, যার মাধ্যমে দূরবর্তী এই স্কুলের শিক্ষার্থীরা ঢাকায় অবস্থানরত শিক্ষকের কাছ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। আগামী বছর জাগো ফাউন্ডেশন গাইবান্ধা, সিলেট, মাদারীপুর ও রাঙামাটিতে আরও চারটি স্কুল উদ্বোধন করতে চলেছে। এসব স্কুলেও মানসম্মত শিক্ষাসেবা পৌঁছে দিতে জাগো ফাউন্ডেশনের অনলাইন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।জাগো ফাউন্ডেশনের এই পথচলা মসৃণ ছিল না কখনোই। স্কুল শুরুর প্রথম পর্যায়ে প্রধান বাধা ছিল ঝরে পড়া শিশুর উচ্চহার। শিশুদের ঝরে পড়ার মূল কারণ ছিল তাদের মা-বাবাই। কারণ, তাদের নিম্ন আয়ের সংসারে এই শিশুরাও ছিল আয়ের অন্যতম উৎস। এ সমস্যার সমাধানে জাগো ফাউন্ডেশন সামাজিক ব্যবসার ধারণা নিয়ে আসে এবং নিজস্ব সেলাইকেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবারের নারী সদস্যদের জন্য প্রশিক্ষণ ও কার্যবিশেষে চাকরিও প্রদান করে। এই সেলাইকেন্দ্র থেকে পাওয়া অর্থ স্কুলের শিশুদের শিক্ষাদানে ব্যয় করা হয়। খুব শিগগির আরও একটি সামাজিক ব্যবসা উদ্যোগ ‘ক্যান্ডেল ফ্যাক্টরি’ স্থাপনের মাধ্যমে একদিকে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য কর্মসংস্থান, অন্যদিকে এর লভ্যাংশ স্কুল পরিচালনায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে।তবে এসব ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়ে সব শিশুর শিক্ষার সামগ্রিক ব্যয় বহন করা সম্ভব নয়। প্রতিটি শিশুর শিক্ষা উপকরণ ছাড়াও তাদের জন্য পুষ্টিকর খাবার, চিকিৎসাসেবা এবং বিভিন্ন স্বাস্থ্যপণ্য, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ প্রভৃতি অন্তর্ভুক্ত। শিশুদের এই ব্যয় সংকুলানের জন্য জাগো ফাউন্ডেশন ‘স্পনসর এ চাইল্ড’ কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় কোনো আগ্রহী ব্যক্তি স্বেচ্ছায় নির্দিষ্ট মেয়াদে মাসিক দেড় হাজার টাকার ভিত্তিতে কোনো শিশুর শিক্ষার যাবতীয় দায়িত্ব গ্রহণ করতে পারেন। আগামী বছর জাগো ফাউন্ডেশন আরও চারটি স্কুলে শিক্ষার্থী অন্তর্ভুক্ত করতে চলেছে। আগ্রহী ও সহমর্মী ব্যক্তিদের আর্থিক সহায়তাই পারে এসব সুবিধাবঞ্চিত শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।পাঁচ বছরের এই যাত্রাপথে জাগো যেমন কঠোর সমালোচনা কুড়িয়েছে, তেমনি পেয়েছে অজস্র ভালোবাসা। মানুষের ভালোবাসা আর সমর্থনই জাগোর সামনে এগিয়ে চলার প্রধান শক্তি।