শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতকে ভয় পায়। তাদের এ ভয় কাটিয়ে তুলতে হবে এবং শিক্ষাকে করে তুলতে হবে আনন্দময়। শুধু পাস করার জন্য নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের উত্সাহিত করতে হবে।‘স্কুল পর্যায়ের গণিত শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, গণিত ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা আসছে না। এটি একটি উদ্বেগের বিষয়। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য যা যা করা দরকার, সবই করা হবে। তিনি বলেন, দেশে অনেক ভালো শিক্ষক আছেন। কিন্তু তাঁরা ক্লাসে পড়ান না। বাসায় প্রাইভেট পড়ান। এই শিক্ষকেরা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র করেন না, খাতা দেখেন না। এ সময় তাঁরা ব্যস্ত থাকেন প্রাইভেট পড়াতে। বর্তমান সিলেবাসকে আধুনিক ও যুগোপযোগী করে দেশপ্রেম ও নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ দক্ষ মানুষ গড়ে তোলা হবে বলে তিনি জানান।বৈঠকে শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রাইভেট ও কোচিং সেন্টারগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।বৈঠকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের গণিতের অধ্যাপক রাজিয়া বেগম, গণিত সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার প্রমুখ বক্তব্য দেন।