শিক্ষাক্ষেত্রে সবার অধিকার সমান
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের সংবিধান দেশের সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। শিক্ষাক্ষেত্রেও সবার সমান অধিকার রয়েছে। এই অধিকারে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী আরও বলেন, কে কোন ধর্মের—সেটা দেখার বিষয় নয়। সবাই নিজ ধর্ম পালন করবে। এ দেশ আমাদের সবার। এখানে কোনো পার্থক্য রাখা যাবে না। শিশুরা স্কুলে ভর্তি হতে গেলে সে কোন ধর্মের, এ ব্যাপারে কোনো শিক্ষকের জিজ্ঞেস করার অধিকার নেই। এ রকম কেউ জিজ্ঞেস করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। খবর বাসসের।আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ নমঃশূদ্র কল্যাণ পরিষদ, সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সিলেটের মেন্দিবাগস্থ গ্যাস অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের সময় শতকরা নয়জন শিশু স্কুলে যেত না। আমরা ২০১১ সালের মধ্যে শতভাগ শিক্ষার্থীকে স্কুলে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এবং এর মধ্যে ৯৯ ভাগেরও বেশি শিশুকে স্কুলে নিয়ে এসেছি।’শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ধরে রাখতে ৭৮ লাখ ছাত্রছাত্রীকে উপবৃত্তি দিয়েছে বর্তমান সরকার। হিন্দু ফান্ড করে দরিদ্র শিক্ষার্থীদের জন্যও বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।সংগঠনের সিলেট বিভাগের সভাপতি সুসেন্দ্র চন্দ্র খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব ও নমঃশূদ্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হিরালাল বালা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অসিত ভট্টাচার্য্য, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যক্ষ (অব.) ব্রজেন্দ্র কুমার দাস, সিলেট পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস প্রমুখ বক্তব্য দেন।