শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাঙ্গনে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।আজ বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে কুমিল্লার সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।এর আগে বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুবিধার্থে আজও প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা আজ শেষ হবে। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকার অনুমোদিত ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। পুরোনো জেলাগুলোর মধ্যে ফরিদপুর ও বগুড়া ছাড়া সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় আছে। ফরিদপুরের পরিবর্তে গোপালগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারে রয়েছে।সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অপু উকিলের আরেক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়—এই চারটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আছে।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কলেজ বলে কোনো কলেজ নেই। বর্তমানে ৪৮টি সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স, ২৫টি কলেজে শুধু অনার্স কোর্স এবং শুধু দুটি কলেজে শুধু মাস্টার্স কোর্স চালু আছে।’