২০০৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্সে (২০০৩-০৪) ভর্তি হয়েছিলেন সুমাইয়া দিবা। চার বছরের স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর কোর্স শেষ হওয়ার কথা ২০০৮ সালে। এখন চলছে ২০১০ সাল। তিনি মাত্র স্নাতক শেষ করে স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরু করেছেন। ২০১১ সালের জুন নাগাদ স্নাতকোত্তর পরীক্ষা শুরু হবে বলে আশা করছেন তিনি। সেশনজটের কারণে সুমাইয়ার মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে যাচ্ছে তিন থেকে চার বছর। সেশনজটের ফলে একদিকে যেমন সময় হারিয়ে যাচ্ছে, অন্যদিকে কলেজগুলোতেও বাড়ছে শ্রেণীকক্ষ, শিক্ষক ও আবাসন-সংকট। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজটের মূল কারণ যথাসময়ে পরীক্ষা নিতে না পারা এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা। এ ছাড়া আছে বিভিন্ন স্তরে সমন্বয়হীনতা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের সেশনজট অনেক কমে এসেছে। বাস্তবে দেখা যায়, চার বছরের স্নাতক (সম্মান) শেষ করতে লাগছে প্রায় সাত বছর। তিন বছরের স্নাতক (ডিগ্রি পাস) শেষ করতে লাগছে পাঁচ বছর বা তারও বেশি।এর মধ্যে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যায় প্রায় এক বছর। এ বছর যাঁরা উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাঁদের স্নাতক সেশন শুরু হয়েছে জুন থেকে। অথচ এখন পর্যন্ত ভর্তি পরীক্ষাই হয়নি। উচ্চমাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই প্রায় এক বছর সময় চলে যায়। এটি সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হয়। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।জানা যায়, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর মোট পাঁচটি বর্ষে সাতটি ব্যাচের শিক্ষার্থী পড়ছেন। আসছেন নতুন প্রথম বর্ষের (এ বছর উচ্চমাধ্যমিক পাস করা) ছাত্ররা। এ নিয়ে মোট ব্যাচ হবে আটটি। অথচ হওয়ার কথা পাঁচটি ব্যাচ।২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০০৭ সালে চার বছরের (সম্মান) স্নাতক কোর্স শেষ করার কথা। কিন্তু তাঁদের চতুর্থ বর্ষ সমাপনী পরীক্ষা শেষ হয়েছে ২০০৯ সালের আগস্ট মাসে। ফলাফল হয়েছে প্রায় আট মাস পর, ২০১০ সালের এপ্রিল মাসে। আর স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরু হয় জুন মাসের শেষ দিকে।২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক শেষ করার কথা ২০০৮ সালে। অথচ এখন মাত্র তাঁদের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। ফল প্রকাশে এ বছর পার হয়ে যাবে। এ অবস্থা প্রায় সব শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের।স্নাতক সম্মানের চেয়ে আরও ভয়াবহ অবস্থা তিন বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের। তিন বছরের ডিগ্রি পাস কোর্সে এখন মোট ব্যাচ পাঁচটি। এবার যাঁরা উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাঁরা ভর্তি হলে মোট ব্যাচ হবে ছয়টি। অথচ এখানে হওয়ার কথা তিন বর্ষে তিনটি ব্যাচ। কিছুদিন আগেও পাস কোর্সের প্রথম বর্ষে ছিল তিনটি ব্যাচ। এর মধ্যে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সবে প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন। অথচ দুই বছর আগে তাঁদের প্রথম বর্ষ শেষ হওয়ার কথা। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে যাঁরা ভর্তি হয়েছিলেন, তাঁরা এবং পরের বছরের (২০০৯-১০) ছাত্ররা প্রথম বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে আসছে আরও একটি প্রথম বর্ষ।এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, সেশনজট অনেক কমে এসেছে। ছাত্ররা ভর্তি হওয়ার আগেই প্রায় এক বছর নষ্ট হয়। নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া হয় না কেন—জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছরে বিভিন্ন ধরনের প্রায় ১০০ পরীক্ষার আয়োজন করতে হয়। প্রশ্ন ছাপানো হয় সরকারি বিজি প্রেসে। সব সময় প্রেস ফাঁকা পাওয়া যায় না। এ ছাড়া এসএসসি, এইচএসসিসহ কিছু পরীক্ষার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে পারে না। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয় অধিভুক্ত কলেজগুলোতে। স্থানের অভাবে একসঙ্গে অনেকগুলো পরীক্ষা নেওয়া যায় না।ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণ জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, তিনজন পরীক্ষক পরীক্ষার খাতা দেখেন। অনেক সময় কিছু শিক্ষকের কাছে খাতা আটকে যায়। এ ছাড়া সারা দেশে কলেজগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। খাতা জমা নেওয়া ও বিতরণে অনেক সময় চলে যায়। তার পরও এখন পাঁচ মাসের মধ্যে ফলাফল দেওয়া হচ্ছে বলে তিনি জানান।ঢাকা কলেজের উপাধ্যক্ষ মো. আশরাফ আলী খান বলেন, সেশনজট কমাতে হলে অন্তত পাঁচ বছরের একটি পরিকল্পনা নিতে হবে। একাডেমিক ক্যালেন্ডার করে সে অনুযায়ী নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। কোনো বিশেষ কারণে যদি নির্দিষ্ট দিনে কোনো পরীক্ষা নেওয়া না যায়, তাহলে বন্ধের দিন ওই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। সদিচ্ছা থাকলে এটি সম্ভব বলে তিনি মনে করেন।