শিক্ষানবিশ চিকিৎসক প্রশিক্ষণ ও তদারকি
ডাক্তারি পাস করেছি বাংলাদেশ হওয়ার আগেই। তখন নতুন ডাক্তারদের জন্য ছিল হাউস জব। প্রথমে অবৈতনিক ছয় মাস, এরপর সামান্য বেতনে আরও ছয় মাস বা এক বছর। ক্লিনিক্যাল বিষয়ে অর্থাৎ মেডিসিন, সার্জারি ও গাইনি অবস—এসব বিষয়ে হাউস জব পাওয়া ছিল কঠিন ব্যাপার। নামকরা অধ্যাপক যাঁরা ছিলেন, তাঁদের তত্ত্বাবধানে কাজ শেখা ভাগ্যের ব্যাপার ছিল। দিনরাত খাটতে হতো, বাড়িঘরে যাওয়াই হতো না, রোগীর ওয়ার্ডে পড়ে থাকতাম। সব অধ্যাপকের তদারকি ও নজরদারিতে হাতেকলমে শিক্ষা লাভ ঘটত হাউস ফিজিশিয়ান ও সার্জনদের। চিকিৎসা শিক্ষার প্রশিক্ষণ তাঁদের ছিল না, কিন্তু কী নিপুণভাবে শিক্ষাদান করতে পারতেন তাঁরা হাউস ফিজিশিয়ানদের। অনেক অধ্যাপককে নকল করতেন নবীন ডাক্তাররা। তাঁদের জীবনাচরণ, কৌতুকপ্রিয়তা, সহজ-সরল জীবনযাপন মুগ্ধ করত আমাদের।সার্জারির একজন অধ্যাপক হাসপাতালে পরিচিত ছিলেন তাঁর অস্ত্রোপচারের নিপুণ কৌশলের জন্য এবং মানুষ হিসেবে রোগীদের প্রতি গভীর শ্রদ্ধার জন্য। তবে আমি এবং আমার বন্ধু প্রিয়তোষ তাঁর আরেকটি গুণের জন্য তাঁকে বড় ভালোবাসতাম। একজন হাউস সার্জন কতটুকু করতে সক্ষম, কী করতে অক্ষম, সেই সীমাবদ্ধতা বোঝার অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।আমরা যখন হাউস জব করি, মেডিকেল কলেজ থেকে বেরিয়েছি মাত্র, তখন প্রিয় অধ্যাপক সর্বত্রই ছিলেন আমাদের সঙ্গে, রোগীর ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশ-উপদেশ দিয়ে, অপারেশন টেবিলে ঠিক কোথায় রোগীর পেটে চিরন দেব ছুরি দিয়ে—এ সম্পর্কেও নির্দেশ দিয়ে জীবনকে ভরে দিতেন পূর্ণতায়...। আঙুরের থোকার মতো জলপূর্ণ থলি ও ডিমের আয়তনের মতো চর্বিবহুল স্ফীতি সরাতে যে বড় সার্জনরাও সচকিত হন, এ রকম আশ্বাসবাণী দিয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতেন মনে।সময় বদলায়। এভাবে হাউস জব করতে করতে সিনিয়র হয়েছি, প্রশিক্ষণের কাল শেষ হবে হবে। এখন তাঁকে সব সময় পাই না। রোগী পরীক্ষার ঘরে মাঝেমধ্যে তাঁর উপস্থিতি, গলা বাড়িয়ে জিজ্ঞাসা—ঠিক আছে তো সব? শিক্ষকতা একটি আর্ট, মানেন? বইপত্র পড়ে, আর প্রশিক্ষণ নিয়ে বড় মাপের শিক্ষক হওয়া যায় না। ভেতর থেকে আসা কিছু গুণ মানুষকে ভালো শিক্ষক করে। রোগীর ব্যবস্থাপনার ক্ষেত্রে জটিল সিদ্ধান্ত নেওয়ার সময় এর অংশীদার হওয়া, অপারেশন টেবিলে প্রফুল্ল-বদনে জুনিয়র সহকারী হিসেবে দাঁড়ানো, অনেক সময় পাশে নীরব দর্শক হিসেবে থেকে অপারেশন দেখা—এমন না হলে বড় মাপের শিক্ষক হওয়া যায় না।স্যার আমাদের শেখালেন, কী করে রোগীর দেখভাল করতে হয়। তিনি রোগীর জন্য কী করেন, তা-ও দেখালেন। আর আমরা যাতে এমন কাজ শুরু করতে পারি, এ জন্য প্রবল উৎসাহ দিতেন। আমাদের এক সহপাঠী, যিনি এখন আমেরিকার একটি বড় কমিউনিটি হাসপাতালে সার্জারির চেয়ারম্যান, তিনি সেদিন ই-মেইলে লিখে পাঠান, ‘স্যার কী ভালো শিক্ষক ছিলেন, তাই না! তাঁর উপস্থিতি, নির্দেশগুলো কী অবিশ্বাস্যভাবে আত্মবিশ্বাস-জাগানিয়া ছিল, সেই সঙ্গে ছিল ভয়ানক! কী ভয় ও শ্রদ্ধা—দুটোই করতাম তাঁকে।’শিক্ষানবিশ চিকিৎসক অর্থাৎ ইন্টার্ন ডাক্তাররা কয় ঘণ্টা কাজ করবেন, এ নিয়ে ইদানীং কথা হচ্ছে দেশ-বিদেশের মেডিকেল কাউন্সিলে। কেউ কেউ বলছেন, রেসিডেন্সির কর্মঘণ্টা কমানো উচিত, বাড়ানো উচিত তত্ত্বাবধান ও তদারকি।অবশ্যই রোগীদের দেখভাল করা এবং তাঁদের নিরাপদে রাখা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইন্টার্ন ডাক্তাররা যত সিনিয়র হবেন, ততটাই প্রশিক্ষণের প্রান্তে চলে আসবেন। তখন তত্ত্বাবধান ও তদারকি কমবে, তাঁরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ বেশি পাবেন। ইন্টার্ন ডাক্তার, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেজিস্ট্রার ও রোগীদের মধ্যে পরস্পর কথাবার্তার বিনিময়ে রোগীর নিরাপত্তা, সেফটি চেক ও ব্যালেন্সকে আরও জোরালো করে।ইন্টার্ন ডাক্তারের প্রশিক্ষণের ব্যাপারে পরিবর্তন আনার সময় নবীন ডাক্তাররা কয় ঘণ্টা ডিউটি করবেন, সেদিকে মনোনিবেশ করেন বেশি। এ বড় সহজ কাজ, এ জন্যই এটি বেশ গুরুত্ব পায়। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো তদারকি ও তত্ত্বাবধান ‘সুপারভিশন’। একে বেশ এড়িয়ে যাওয়া হয়। অবশ্য বিষয়টি জটিলও বটে।ডাক্তারের প্রশিক্ষণের ক্ষেত্রে কিছু সংস্কার আনার সময় কিছুদিন আগেও ‘কয় ঘণ্টা ডিউটি’—এর ওপরই বেশি জোর দেওয়া হতো। আমেরিকার কথা বলি, ২০০৩ সালে দি অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন আমেরিকান মেডিকেল রেসিডেন্সি প্রোগ্রামকে স্বীকৃতি দেওয়ার সংস্থা থেকে প্রথম গাইডলাইন বেরোল, প্রতি সপ্তাহে রেসিডেন্টদের জন্য ৮০ ঘণ্টা ডিউটি। পাঁচ বছর পর একটি জাতীয় বিশেষ প্যানেল স্বীকৃতিদানকারী সংস্থাটির বেশ সমালোচনা করল এ জন্য যে তারা কর্মঘণ্টাকে যথাযথ সীমিত করেনি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়ার ব্যাপারটি তাদের নজর এড়িয়ে গিয়েছে। রেসিডেন্ট ট্রেনিং পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে অনেক। কর্মঘণ্টার চেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তত্ত্বাবধানের প্রতি। কার্যকর ও সুপরিকল্পিত তত্ত্বাবধান ও তদারকির প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে গুরুত্ব দিয়েছে টাস্কফোর্স। যেসব ইন্টার্ন ডাক্তার কম অভিজ্ঞ, ক্লান্ত হলে ভুল করার প্রবণতা যাঁদের বেশি, সেই প্রথম বর্ষের রেসিডেন্ট বা ইন্টার্ন ডাক্তারদের জন্য তত্ত্বাবধান প্রয়োজন বেশি।আমেরিকার এই টাস্কফোর্সের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলের প্রধান নির্বাহী ডা. থমাস জে. নাসকা বলেন, হাসপাতালে রেসিডেন্ট শিক্ষণের প্রধান মাত্রাটি হলো তত্ত্বাবধান। তত্ত্বাবধানের বিষয়টি বৃহৎ আঙ্গিকে প্রমিত হয়নি। এই স্ট্যান্ডার্ডগুলোর নির্দিষ্ট প্রত্যাশা মান তো রয়েছে। নতুন পথনির্দেশে বলা আছে, ইন্টার্ন ডাক্তাররা সব সময় প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকবেন।রেসিডেন্টরা বিভিন্ন ক্লিনিক্যাল পরিস্থিতি মোকাবিলা করতে করতে এবং কাজের ওপর দেহের ক্লান্তির প্রভাবকে চিহ্নিত করতে ও সামলাতে যত দক্ষ হয়ে উঠবেন, ক্রমে ক্রমে তত কম তদারকি তাঁদের প্রয়োজন হবে। তত্ত্বাবধানের মাপ-পরিমাপ তো ভিন্ন ভিন্ন হবেই অবস্থাভেদে; একজন পূর্ণ প্রশিক্ষিত ডাক্তারকে সার্বক্ষণিক দৈহিক উপস্থিতি থেকে শুরু করে সেই স্থলে বা মুঠোফোন বা হ্যান্ডসেটে সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতি, এমনকি পরিচর্যাদানের পর তদারকি বা ডাক্তারের পরবর্তী সময় এর পর্যালোচনা—এমনও হতে পারে।‘রোগীর চাহিদা মেটাতে হবে দিনের ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিনই। রেসিডেন্টরা এমন পরিস্থিতির মুখোমুখি হন যে তাঁরা ক্লান্ত অথচ সেবা দিতেই হবে তাঁদের, এমন পরিস্থিতিতে কাজ করার জন্য প্রশিক্ষণ দরকার তাঁদের।’ বলেন টাস্কফোর্সের নাসকা।এ পরামর্শগুলো সম্পর্কে জনমত যাচাই করা হবে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল ২০১১ সালের জুলাই থেকে আমেরিকায় চালু করতে চায়।একটা কথা ঠিক, টিচিং হাসপাতালে রোগীর নিরাপত্তা কেবল কর্মঘণ্টাভিত্তিক নয়, বেশি জরুরি হলো তদারকি ও তত্ত্বাবধান।ইন্টার্ন ডাক্তারদের প্রশিক্ষণ যুগের পরিবর্তনের তাগিদে পুনর্বিবেচনা প্রয়োজন হয়ে পড়ে। দেশেও তাই এ প্রশিক্ষণ আরও বেশি নজরদারি ও তত্ত্বাবধানের মধ্যে থাকুক, তাই তো মনে হয়।