শিক্ষানীতি প্রণয়নে সর্বস্তরের পরামর্শ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণের সঙ্গে পরামর্শ করে শিক্ষানীতি চূড়ান্ত করা হয়েছে। প্রণীত শিক্ষানীতি কোনো দলের নয়, সমগ্র জাতির শিক্ষানীতি।আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে মিশন অডিটরিয়াম ভবনে আয়োজিত খান বাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক ২০০৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। এ ছাড়া এই শিক্ষানীতি বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘খান বাহাদুর আহছানউল্লাহ ইতিহাসই নন, আমাদের একাধারে বর্তমান ও ভবিষ্যত্। তাঁর নাম, কাজ ও বিভিন্ন গুণাবলি ধারণ করে আহছানিয়া মিশন বিভিন্ন বহুমুখী কাজের মাধ্যমে সমাজের বিশেষ অবদান রাখছে। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষাকে যুগোপযোগী করে নৈতিক শিক্ষার সহযোগে নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে হবে।’খান বাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক ২০০৯ সালের স্বর্ণপদক পেয়েছেন অর্থনীতিবিদ, কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার পরিচালক ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে খান বাহাদুর আহছানউল্লাহর জীবনাদর্শ তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। স্বর্ণপদক পাওয়া ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচিতি ও সম্মাননাপত্র পাঠ করেন আ শ ম বাবর আলী। এ ছাড়া ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান, জাহিদুজ্জামান ফারুক, রাজশাহীর শাহ মখদুম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসিকুল ইসলাম ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুল মজিদ অনুষ্ঠানে বক্তব্য দেন।