শিক্ষানীতির বাস্তবায়ন অনেক এগিয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন প্রক্রিয়াধীন—এটা সঠিক নয়। সামগ্রিক বিচারে এর বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। শিক্ষানীতির লক্ষ্য অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এর ফলাফলও আসছে।আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সভার আয়োজন করে।নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের ভবিষ্যত্ প্রজন্মকে গড়তে, গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য সাধারণ নির্দেশনাই হচ্ছে এই শিক্ষানীতি। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষার আয়োজন, বিনামূল্যে সব বই বিতরণ, সৃজনশীল পদ্ধতি প্রণয়নসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘লক্ষ্য অর্জনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি।’মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মান সমান নয়। শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারলে কোচিং, নোট বই বন্ধ করা যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রয়োগের ফলে বিশ্ববিদ্যালয়গুলো অনেক শৃঙ্খলার মধ্যে এসেছে। তিন-চারটি ছাড়া সব বিশ্ববিদ্যালয় নিজস্ব জমি কিনেছে।জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার কাজ শুরু হয়ে গেছে। এটি পুরোপুরি হতে সময় লাগবে, এক বছরে হবে না। শিক্ষানীতি বাস্তবায়নে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘অর্থের পরিমাণ বাড়াতে হবে। আগামী অর্থবছরে বাজেটের ২০ শতাংশ শিক্ষাখাতে আশা করছি।’ শিক্ষাপ্রশাসনকে ঢেলে না সাজালে পদে পদে হোঁচট খেতে হবে বলে তিনি মন্তব্য করেন।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘সিদ্ধান্ত অনেক হয়েছে। কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়েছে? আমরা এবার অ্যাকশন প্ল্যান চাই।’ শিক্ষা অধিকার আইন করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি হলে চরের বা দুর্গম এলাকার শিশুশিক্ষার্থীরা, মেয়েরা বা সুবিধাবঞ্চিতরা আর পিছিয়ে পড়বে না।শিক্ষানীতির বাস্তবায়নে বিভিন্ন বাধা ও করণীয় নিয়ে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগমসহ শিক্ষক নেতা, বিভিন্ন সরকারি, দাতা সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।