তাঁর স্বপ্ন ছিল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার। সেখানে পড়াশোনা করবে এলাকার ছেলেমেয়েরা, হবে মানুষের মতো মানুষ। কিন্তু তাঁর একার পক্ষে তা সম্ভব হয়নি। তবে স্বপ্ন পুষে রেখেছিলেন। তারপর এলাকায় যখন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে, এতে বিশাল অবদান রাখেন তিনি। দিয়ে যান অক্লান্ত সেবা, যা কেবল একজন নিঃস্বার্থ মানুষের পক্ষেই সম্ভব।শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে নিজেকে বিলিয়ে দেওয়া এই মানুষটি হলেন মহিউদ্দিন বিশ্বাস (৮৫)। ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে তাঁর বাড়ি। সব সময় গায়ে গামছা জড়িয়ে চলাফেরা করেন বলে এলাকায় তিনি ‘গামছা চাচা’ বলে পরিচিত।অন্তরের তাগিদ থেকে: কৃষক বাবা রহমান বিশ্বাসের মৃত্যুর সময় একমাত্র সন্তান মহিউদ্দিনের বয়স মাত্র ১১ বছর। পড়াশোনা তেমন হয়নি। বড় হয়ে তিনি বাবার ২০ বিঘা জমি চাষবাস করে চলতে থাকেন। ছোটবেলা থেকে যা তাঁকে অন্তর থেকে অনুপ্রাণিত করত, তা হচ্ছে পরোপকার।গ্রামবাসী জানান, শৈশব থেকে মানুষের বিপদ-আপদে পাশে গিয়ে দাঁড়াতেন মহিউদ্দিন। টাকা দেওয়ার সামর্থ্য না থাকলে কায়িক শ্রম দিয়ে উপকার করতেন। নারিকেলবাড়িয়া বাজারের কাপড়ের ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৫) বলেন, এলাকার সব সামাজিক কর্মকাণ্ডে মহিউদ্দিনের ভূমিকা থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মকাণ্ডেও তাঁর বিরাট অবদান রয়েছে। তিনি নিজ হাতে দীর্ঘদিন বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন।পরোপকার থেকে বিদ্যানুরাগ: গাঁয়ের মানুষের উপকার করতে করতেই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ভাবনা আসে মহিউদ্দিনের। কিন্তু তাঁর এমন টাকা ছিল না যে একা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়বেন। ১৯৬৬ সালে এলাকাবাসী মিলে প্রতিষ্ঠা করেন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। এতে ১০ শতাংশ জমি দান করেন তিনি। তাঁর দেওয়া জমিতেই বিদ্যালয়ের প্রথম ঘর তৈরি করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকারম হোসেন বলেন, ওই সময় জমিদাতা হিসেবে মহিউদ্দিন বিদ্যালয়ের ঘর তৈরির কাজও উদ্বোধন করেন। ১৯৮৭ সালে নারিকেলবাড়িয়া বাজারে স্থাপিত হয় আমেনা খাতুন কলেজ। শুরুতে নিজের চার শতাংশ জমি বিক্রি করে কলেজের তহবিলে ৬০ হাজার টাকা দান করেন মহিউদ্দিন। তারপর কলেজের সঙ্গে যেন বাঁধা পড়ে তাঁর প্রাণ।কলেজের শিক্ষকেরা জানান, ১৯৯৩ সালে কলেজটি এমপিওভুক্ত হওয়ার আগে টাকার অভাবে একজন আয়া বা পিয়ন রাখা সম্ভব হয়নি। তখন এটি পরিষ্কার রাখা ছিল বিরাট ঝামেলার কাজ। মহিউদ্দিন স্বেচ্ছায় এ দায়িত্ব নেন। তিনি প্রতিদিন কলেজে এসে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা পর্যন্ত সব কাজ নিজ হাতে করতেন। কলেজে দিনের পর দিন তিনি গাছের চারা লাগিয়েছেন। তাঁর কল্যাণে বনায়নে কলেজটি জাতীয় পুরস্কার অর্জন করেছে। মহিউদ্দিনের সঙ্গে একদিন: নারিকেলবাড়িয়া বাজারের মুখেই মহিউদ্দিনের বাড়ি। এক সকালে সেখানে হাজির হতেই তাঁর সঙ্গে দেখা। গায়ে গেঞ্জি, কাঁধে গামছা ও পরনে লুঙ্গি। বয়সের ভারে এখন আগের মতো স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন না। চোখেও ঝাঁপসা দেখেন। কিন্তু বসে থাকা তাঁর স্বভাবে নেই। দিনে অন্তত একবার বাড়ির অদূরে প্রিয় কলেজে ঘুরে আসেন। সে দিনও কলেজের দিকেই যাচ্ছিলেন মহিউদ্দিন। যেতে যেতে তাঁর সঙ্গে অনেক কথা হলো।মহিউদ্দিন জানান, নারিকেলবাড়িয়া বাজারে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তিনিও উদ্যোক্তাদের সঙ্গে যোগ দেন। দরিদ্র ও স্বল্পশিক্ষিত হওয়ায় কলেজ প্রতিষ্ঠার বৈঠকগুলোতে তাঁকে ডাকা হতো না। কিন্তু তিনি বৈঠকের খবর পেয়ে ছুটে যেতেন। এক বৈঠকে প্রতিষ্ঠাতারা যে যাঁর সাধ্যমতো অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী তিনি জমি বিক্রি করে ওই টাকা দেন। অন্যভাবেও কলেজের তহবিলে তিনি টাকার জোগান দিয়েছেন।মহিউদ্দিন বলেন, একদিন তিনি খবর পান মোল্লাদের পাড়ার এক কৃষকের একটি গরু মারা গেছে। কৃষক তাঁর মরা গরুটি মাঠের মধ্যে ফেলে রেখে গেছেন। তিনি ওই গরুর চামড়া ছিলে ৮০০ টাকায় বিক্রি করেন। টাকাটা দেন কলেজের তহবিলে।কথা বলতে বলতে একসময় কলেজের ক্যাম্পাসে পা পড়ে। এক টুকরো কাগজ পড়ে ছিল মাঠে। মহিউদ্দিন তা কুড়িয়ে নিয়ে আবর্জনার পাত্রে ফেলেন। কলেজে দুটি দোতলা ও একটি আধাপাকা ভবন রয়েছে। ২৮টি শ্রেণীকক্ষ ও চারটি অফিসকক্ষ রয়েছে। কলেজে আছেন ৩২ জন শিক্ষক ও ১১ জন কর্মচারী। ছয় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে কলেজে। কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান জানান, কলেজটিকে আজকের পর্যায়ে নিয়ে আসতে শুরু থেকে যাঁরা নানাভাবে পরিশ্রম করেছেন, মহিউদ্দিন তাঁদের একজন। বিশেষ করে কলেজ পরিষ্কার রাখা ও ক্যাম্পাসে বৃক্ষরোপণে তাঁর অবদান অপরিসীম। কলেজ কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিনয়কৃষ্ণ কর্মকার বলেন, কলেজ প্রতিষ্ঠায় অনেকেরই অবদান রয়েছে, এর মধ্যে মহিউদ্দিনের অবদান সবার ওপরে। উপজেলা চেয়ারম্যান কনককান্তি দাস বলেন, সব ভালো কাজে উত্সাহ দেওয়াই মহিউদ্দিনের ব্রত। মানুষের কল্যাণে তিনি কেবল নিজের সম্পদ দান করেই ক্ষান্ত হননি, সাধ্যমতো শ্রমও দিয়ে গেছেন। এমন নিঃস্বার্থ মানুষ সমাজে বিরল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হক খান বলেন, ‘মহিউদ্দিনের সঙ্গে এখনো আমার সাক্ষাৎ হয়নি। তবে তাঁর শিক্ষানুরাগ ও পরোপকারের কথা স্থানীয় মানুষের মুখে শুনেছি।’