শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। সিলেটের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিন সকালে ও দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটি ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আসা রিকশা ও গাড়ির বড় জটলা তৈরি হয়। প্রতিষ্ঠানটির সামনের মীরের ময়দানের রাস্তাটি অপ্রশস্ত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিনই বিড়ম্বনার শিকার হতে হয়।শিক্ষার্থীরা জানায়, রাস্তাটি দিয়ে পাশাপাশি একাধিক গাড়ি চলাচল করতে না পারায় প্রতিদিন শিক্ষার্থীদের অন্তত কয়েক ঘণ্টার যানজটে পড়তে হয়। ফলে অনেক সময় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে হেঁটেই তাদের চলাচল করতে হয়। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজই নয়, মূল সড়কের ঠিক পাশে হওয়ায় পুলিশ লাইন এলাকার পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, মীরের ময়দান এলাকার ওসমানী মেডিকেল উচ্চবিদ্যালয়, সুবিদবাজার এলাকার আনন্দ নিকেতন, নয়াসড়ক এলাকার খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল, বন্দরবাজার এলাকার রাজা জিসি হাইস্কুল, জিন্দাবাজার এলাকার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, টিবিগেট এলাকার স্কলার্স হোম, কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, চৌহাট্টা এলাকার সিলেট সরকারি মহিলা কলেজ, তাঁতিপাড়া এলাকার দি এইডেড হাইস্কুল, দাড়িয়াপাড়া এলাকার রসময় উচ্চবিদ্যালয়সহ প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে প্রতিদিন যানজট সৃষ্টি হয়।তবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নগরবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের অপ্রশস্ত রাস্তাগুলোকেই নগরের যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলো প্রশস্ত করা হলে নগরের যানজট প্রায় অর্ধেক কমে যাবে বলে তাঁরা মত প্রকাশ করেন। পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আনজুমান আরা বলেন, ‘শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ও দুপুরে সারা শহরেই যানজট বেশি থাকে। কারণ ওই সময় রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ির পাশাপাশি শিক্ষার্থী বহনকারী যানবাহনগুলোও চলাচল করে। রাস্তা সরু থাকায় এ সময় যানজট অসহনীয় হয়ে ওঠে।’সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে একটি বিশাল বাজার গড়ে উঠেছে। এখানে সারা দিন অসংখ্য ট্রাকে মালামাল ওঠানামা করানো হয়। ফলে যানজট যেন স্থায়ী রূপ পেয়েছে। যেহেতু বাজারটির সঙ্গে অনেকের জীবন-জীবিকার সম্পর্ক তাই এটি সরানোও সম্ভব না। এ অবস্থায় একটি বিকল্প রাস্তা তৈরি করলে সবারই উপকার হতো। সেটি টেনিস ক্লাব হয়ে সার্কিট হাউস দিয়ে হতে পারে। তাহলে শিক্ষার্থীদের দুর্ভোগ পুরোপুরি কমে যাবে। অন্যদিকে প্রতিষ্ঠানের সামনের কালীঘাট এলাকার রাস্তাটিতেও চাপ অনেকটা কমে গিয়ে যানজট কমবে।’