শিক্ষাপ্রতিষ্ঠানে আদালতের নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অধস্তন শিক্ষিকারা যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে শিক্ষাসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যৌন হয়রানি রোধে এর আগে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত পর্যবেক্ষণে বলেন, মুখাবরণ (স্কার্ফ) পড়া নারীদের ব্যক্তিগত পছন্দ। নারীদের ইচ্ছার বিরুদ্ধে এবং কেউ যদি তাঁদের মুখাবরণ পরতে বাধ্য করেন, তবে তা হবে সংবিধানে সংরক্ষিত তাঁদের মৌলিক অধিকারের লঙ্ঘন।জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মুখাবরণ ব্যবহার না করায় অশ্লীল ভাষায় গালাগাল করেন। গত বছরের ২৬ জুলাই এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনাটি ২৮ জুলাই আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন দোলন রিট দায়ের করলে ওই দিন আদালত রুল জারি করেন। এতে পক্ষভুক্ত হয় বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। রুল শুনানির সময় ওই শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকা আদালতে হাজির হন। সেই সঙ্গে শিক্ষিকার কাছে শিক্ষা কর্মকর্তা ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করেন। আজ আদালত ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি করতে নির্দেশ দিয়েছেন।আদালতে ব্লাস্টের পক্ষে আইনজীবী সারা হোসেন, রিট আবেদনকারী আইনজীবী সালাহউদ্দিন দোলন এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন।যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ মে হাইকোর্ট যৌন হয়রানি রোধে কয়েক দফা নির্দেশনা দিয়ে খসড়া নীতিমালা প্রণয়ন করে রায় দেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ১৯৭৯ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণবিধিরও ২৭(ক) প্রয়োগ করতে বলা হয়েছে। তিনি বলেন, সেখানে নারী সহকর্মীদের সঙ্গে আচরণের বিষয়ে বলা আছে। এতে আরও বলা হয়েছে, নারীদের সঙ্গে অবিচার করা যাবে না।